বিমানবন্দর দিয়ে মাসে পাচার হচ্ছে কয়েক শ কোটি টাকা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মাসে কয়েক শ কোটি টাকার মুদ্রা পাচার করছে কয়েকটি চক্র। এ কাজে সহায়তা করছেন বিমানবন্দরের কিছু কর্মী।এমন একটি চক্রকে গত বুধবার রাতে বিমানবন্দর থেকে প্রায় ১২ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রাসহ গ্রেপ্তার করেছে র্যাব। ধরা পড়া এ চক্রের প্রধান মামুন আল আজাদ ওরফে সুমন (৩৫)। তাঁর বাড়ি বিমানবন্দরের অদূরে আশকোনায়। উত্তরার কুশল সেন্টারে তাঁর একটি মানি এক্সচেঞ্জের অফিস আছে।র্যাব জানায়, সুমনের অধীন ছয়জন মুদ্রা বহনকারী আছেন। তাঁরা বিমানবন্দরের কিছু কর্মীর সহযোগিতায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যাত্রী হিসেবে মুদ্রার ব্যাগ নিয়ে বিমানে ওঠেন। চক্রটি মাসে ৪০০ কোটি টাকার মুদ্রা পাচার করে বলে র্যাবের কর্মকর্তারা দাবি করেছেন।র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন, তাঁর নেতৃত্বাধীন চক্রটি ২০০৭ সাল থেকে মুদ্রা পাচারে জড়িত। এ চক্র মাসে ২০ থেকে ২৫টি চালান বিদেশে পাচার করে। একেকটি চালানে ১০ থেকে ১৫ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা থাকে।বিমানবন্দর থানার পুলিশ জানায়, সুমন এর আগেও একাধিকবার মুদ্রা পাচারের ঘটনায় ধরা পড়ে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে এ-সংক্রান্ত দুটি মামলাও আছে।জিজ্ঞাসাবাদসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বিমানবন্দরের কর্মীদের সহযোগিতায় আকাশপথে মুদ্রা পাচার করে—ঢাকায় এমন অন্তত ১০টি চক্র রয়েছে বলে সুমন তাঁদের জানিয়েছেন। চক্রগুলো মূলত বিভিন্ন হুন্ডি ও চোরাচালান চক্রের অর্থ দুবাই, হংকং ও সিঙ্গাপুরে পাচার করে। ইউরোপের কয়েকটি গন্তব্যেও পাচার করা হয়।গত বৃহস্পতিবার র্যাবের এক সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে র্যাব-১-এর অধিনায়ক রাশিদুল আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান দল বিমানবন্দরে অভিযান চালিয়ে সুমন এবং তাঁর দুই সহযোগী মোশারফ হোসেন ও জুয়েল হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের লাগেজ তল্লাশি করে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান ১১ কোটি ৭৭ লাখ টাকা।লে. কর্নেল রাশিদুল আলম বলেন, বুধবার রাতে উদ্ধারের পর তিনি মুদ্রার ব্যাগটি বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে পরীক্ষা করেন। তাতে পরিষ্কার বোঝা যায়, ব্যাগের ভেতরে বান্ডিল বান্ডিল টাকা আছে। এ সময় শুল্ক বিভাগ ও বিমানবন্দরের কর্মীরাও ছিলেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মীদের কারও সম্পৃক্ততা ছাড়া এভাবে বহির্গমন ফটক দিয়ে মুদ্রার চালান পার করে উড়োজাহাজে ওঠানো কঠিন।