বিমানবন্দর রেলস্টেশনে আট দোকানের নিবন্ধন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে গড়ে তোলা আটটি দোকানের নিবন্ধন বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দোকানগুলো অতিরিক্ত জায়গা দখল করে যাত্রী চলাচলে বাধা সৃষ্টি করছে l ছবি: প্রথম আলো
প্রথম আলোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে গড়ে তোলা আটটি দোকানের নিবন্ধন বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দোকানগুলো অতিরিক্ত জায়গা দখল করে যাত্রী চলাচলে বাধা সৃষ্টি করছে l ছবি: প্রথম আলো

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে প্ল্যাটফর্মে গড়ে তোলা আটটি দোকানের নিবন্ধন বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অবৈধভাবে অতিরিক্ত জায়গা দখল করা এবং যাত্রী চলাচলে বাধা দেওয়ার অভিযোগে এসব দোকানের নিবন্ধন বাতিল করা হয়। তবে দোকানমালিকেরা ইতিমধ্যে এ আদেশ বাতিলের জন্য আদালতে আবেদন করেছেন।
রেলওয়ে সূত্র জানায়, গত ২৫ অক্টোবর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ঢাকা) কার্যালয় থেকে বিমানবন্দর রেলস্টেশনের বিভিন্ন আয়তনের আটটি দোকানের নিবন্ধন বাতিলসংক্রান্ত নির্দেশ জারি হয়। এর আগে গত ২৪ অক্টোবর বিমানবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের অতিরিক্ত দোকান নিয়ে প্রথম আলোতে ‘রেলস্টেশন না মার্কেট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত বৃহস্পতিবার দোকান মালিকদের নিবন্ধন বাতিলের আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
নিবন্ধন বাতিলসংক্রান্ত নির্দেশে দেখা যায়, গত ২৪ অক্টোবর রেল কর্তৃপক্ষ বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শন করে। পরিদর্শনকালে নিবন্ধন বাতিল করা দোকানগুলোয় বিধিবহির্ভূতভাবে সাইনবোর্ড স্থাপন, অতিরিক্ত জায়গা দখল করে ফ্রিজ ও শোকেস রাখা হয়েছে। যার ফলে বিমানবন্দর রেলস্টেশনে আসা যাত্রীদের চলাফেরা বিঘ্নিত হচ্ছে।
গত ৮ আগস্ট বিমানবন্দর রেলস্টেশনের স্টেশনমাস্টারের তদন্তে দোকানগুলোর এ অনিয়ম উঠে আসে। তখন রেল কর্তৃপক্ষ এসব দোকান মালিককে অতিরিক্ত জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দেয়। কিন্তু ২৪ অক্টোবরের পরিদর্শনে একই অনিয়ম পাওয়া যাওয়ায় নিবন্ধন বাতিল করা হয়।
বাতিল দোকানগুলো হলো ফরিদপুর কর্নার, কফি কর্নার, আপ্যায়ন ফাস্ট ফুড, আকতার ফাস্ট ফুড, অয়ন এন্টারটেইনমেন্ট, আর এস ফুড, সুমাইয়া ফাস্ট ফুড।
নিবন্ধন বাতিলের নির্দেশে দেখা যায়, একটি দোকান ৪ ফুট ৮ ইঞ্চি বাই ১ ফুট জায়গা দখল করে একটি শোকেস রেখেছে। অন্য একটি দোকান দুটি ফ্রিজ ও দুটি শোকেস রেখে ১১ ফুট বাই ৪ ফুট জায়গা অতিরিক্ত দখল করেছে। এমনভাবে প্রতিটি দোকানই কমবেশি অতিরিক্ত জায়গা দখল করেছে।
গত মঙ্গলবার বিমানবন্দর স্টেশন ঘুরে ও দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিবন্ধন বাতিলের খবর শোনামাত্রই অবৈধভাবে দখলে থাকা জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম থেকে ফ্রিজ, শোকেস সরিয়ে দোকানের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।
দোকান মালিকদের দাবি, এমন কয়েকটি দোকানের নিবন্ধন বাতিল করা হয়েছে, যেগুলো যাত্রী চলাচলে কোনো সমস্যা করছিল না। নিবন্ধন বাতিল হওয়া দোকানগুলোর ২০১৬ সালের জুন মাস পর্যন্ত খাজনা ও ভাড়া অগ্রিম পরিশোধ করা। কিছুদিন আগে রেল কর্তৃপক্ষ দোকান অন্যত্র সরিয়ে নিতে হতে পারে বলে জানালে দোকান মালিকেরা রাজি হয়েছিলেন।
নিবন্ধন বাতিল হওয়া আর এস ফাস্ট ফুডের মালিক মো. রাজিব হোসেন বলেন, ‘আমার দোকান রেলের নির্দেশনা মেনে প্ল্যাটফর্ম থেকে ৪ ফুট দূরে। এমন কয়েকটি দোকানের নিবন্ধন বাতিল করা হয়েছে, যেগুলো কোনোভাবেই যাত্রীদের চলাচলে সমস্যা করছে না। যেগুলো চলাচলে সমস্যা করছে, সেগুলো সরিয়ে দিলেই হতো।’
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) মো. আরিফুজ্জামান বলেন, নিবন্ধন বাতিলের পর দোকানদারেরা অবৈধভাবে দখল করা জায়গা ছেড়ে দিয়েছেন। দোকানদারেরা আদালতের স্থগিতাদেশ নিয়ে আসছেন। বিষয়টি আদালতে নিষ্পত্তি হলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।