বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে ময়মনসিংহগামী ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধ ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৬০)। তিনি পরিবার নিয়ে রমনা থানার পাশে মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ার শিমুলতাইড় গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্লাহ বলেন, সকালে বিমানবন্দর রেলস্টেশনের কাছ থেকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

রফিকুলের ছেলে ফরহাদ হোসেন বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে তাঁর বাবার লাশ শনাক্ত করেন। তিনি বলেন, তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি গাজীপুরে একটি বায়িং হাউসে চাকরি করতেন। সকালে মধুবাগের বাসা থেকে বের হয়ে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। পরে বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে ওঠার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।