বিমানবন্দর সড়কে ১৫ মিনিট গাড়ি চলাচল বন্ধ, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনারবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের সল্টগোলা এলাকায় প্রায় ১৫ মিনিট সড়ক যোগাযোগ বন্ধ ছিল। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ঢাকার কমলাপুর থেকে কনটেইনার ভরা রপ্তানি পণ্যবাহী ট্রেন চট্টগ্রাম বন্দরের দিকে প্রবেশ করছিল। রাত সাড়ে নয়টার দিকে ট্রেনের চতুর্থ ও পঞ্চম ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
রোকনুজ্জামান জানান, বন্দরের নিজস্ব যন্ত্র (মুভার) এনে দ্রুত লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেওয়া হয়। এ কাজের জন্য কিছু সময় বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। রাত পৌনে ১০টা নাগাদ সবকিছু স্বাভাবিক হয়।