ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন বিলাসবহুল ট্রেন ‘সোনার বাংলা’র নিরাপত্তার প্রশ্ন তুলেছেন যাত্রীরা। বিকেল পাঁচটায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ট্রেনটি চলে আসে ঢাকা বিমানবন্দর স্টেশনে। সেখানে নেমে যাওয়া যাত্রীদের আসন গণহারে দখল করেন সাধারণ ও বিনা টিকিটের যাত্রীরা। তাঁরা নির্বিঘ্নে চলে আসেন কমলাপুর পর্যন্ত।
নিয়মিতই এ ধরনের যাত্রীরা ট্রেনটিতে উঠে পড়েন বলে বিমানবন্দর স্টেশনের কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা যায়। সম্প্রতি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এ অবস্থা দেখাও যায়। চট্টগ্রাম থেকে বিকেল ৫টায় সোনার বাংলা ছেড়ে বিমানবন্দর পৌঁছায় রাত প্রায় ১০টার দিকে। ট্রেনে বেশির ভাগ বগি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি কোচ)। ‘জ’ বগিতে যাত্রীদের মধ্যে ১০ জনের মতো নারী ছিলেন। ছিল শিশুও। বিমানবন্দর স্টেশনে ট্রেনের অর্ধেকেরও বেশি যাত্রী নেমে যান। এ সময়ে ‘জ’ বগিতে ৫৫টি আসনের মধ্যে ৩০টি খালি হয়ে যায়। বাকি ২৫টিতে নারী ও শিশুসহ যাত্রী ছিলেন। কিছুক্ষণের মধ্যেই সব আসন ভরে যায়।
দেখা যায়, বিমানবন্দর থেকে ওঠা যাত্রীদের মধ্যে দিনমজুর বা শ্রমিক শ্রেণির যাত্রীও রয়েছেন। একাধিক যাত্রী ট্রেনের ভেতরে ধূমপান করছিলেন। ট্রেন কমলাপুরের দিকে যাত্রা শুরু করলে একজন নারী যাত্রী ‘অ্যাটেনডেন্ট’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় ট্রেনের প্রতিনিধি বা অ্যাটেনডেন্ট ছুটে এলে ওই নারী যাত্রী বলেন, ‘এঁরা কি টিকিট কেটে উঠেছেন? বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই ট্রেনের কি টিকিট বিক্রি হয়।’
অ্যাটেনডেন্ট বলেন, এই যাত্রীরা কীভাবে উঠে পড়লেন, তিনি জানেন না। নারী যাত্রীর সঙ্গে এ সময় আরও কয়েকজন যাত্রী চিৎকার করতে থাকেন। তাঁরা বলেন, ‘এক হাজার টাকায় টিকিট কিনেছি। এভাবে যাত্রী উঠে গেলে আমাদের নিরাপত্তা কোথায়?’ কয়েকজন যাত্রী দাঁড়িয়ে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে আসা যাত্রীরা তাঁদের প্রশ্ন করেন, ‘এভাবে কেন উঠেছেন?’ ওই যাত্রীরা বলেন, তাঁরা এসি কোচে উঠেছেন ১০ টাকা দিয়ে। ‘অ্যাটেনডেন্ট’ এ সময় প্রতিবাদ জানালে উঠে যাওয়া যাত্রীরা চিৎকার করে টাকা ফেরত চান।
চট্টগ্রামের কয়েকজন নিয়মিত যাত্রী এই প্রতিবেদককে বলেন, বিমানবন্দর স্টেশনে এলে প্রায়ই এ ধরনের যাত্রী বগিতে উঠে যান। আসন খালি হয়ে যায়, সুতরাং বসলে সমস্যা নেই। কিন্তু তাঁদের মধ্যে যদি ছিনতাইকারী বা ডাকাতজাতীয় যাত্রী থাকেন, তাহলে কী অবস্থা হবে?
যোগাযোগ করা হলে ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, দু-একজন যাত্রী মাঝে মাঝে বিমানবন্দর থেকে উঠে কমলাপুর এসে থাকতে পারেন। ঢালাওভাবে যাত্রী ওঠেন কি না, সে বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন এবং তেমন হলে উপযুক্ত ব্যবস্থা নেবেন।