বিমানবন্দর স্টেশনে টিকিটবিহীন যাত্রীদের নিরাপদ পারাপার!
টিকিটবিহীন যাত্রীদের স্টেশন থেকে পার করতে ব্যবহৃত হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলস্টেশন। এখানে বিভিন্ন উপায়ে অবৈধ যাত্রীদের পার করাচ্ছেন রেলের কর্মকর্তা, কর্মচারী এবং রেলপুলিশের সদস্যরা। বিনা টিকিটে ভ্রমণকারীদের একটা অংশ বেরিয়ে যায় আশকোনা লেভেল ক্রসিংয়ের অংশ দিয়েও।
ঢাকাগামী কোনো ট্রেন আসার সংকেত পেলেই টিকিট কালেক্টর ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নেন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ফটকের সামনে। ট্রেন থেকে নামা যাত্রীদের টিকিট চেক করেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, অবৈধ যাত্রীদের কাছে নিজেরা টিকিটের টাকা নিয়ে ফটক পর্যন্ত নিয়ে যান ট্রেনের ভেতরে থাকা রেলপুলিশ কিংবা ক্যানটিনের কর্মচারীরা। টিকিট কালেক্টরকে দেখিয়ে বলেন, ‘ভাই আমার এই....এত জন।’ একটু পর কালেক্টরকে কিছু টাকা ধরিয়ে দিয়ে ফেরেন ট্রেনে।
এর বাইরে ক্ষেত্রবিশেষে ২০-৫০ টাকা হাতে গুঁজে দিলেই ছাড় পাওয়া যায় টিকিট চেকারের হাত থেকে। অনেকে আবার ফটক ব্যবহার না করে প্ল্যাটফর্ম থেকে সোজা দক্ষিণে হেঁটে বেরিয়ে যান আশকোনা-হাজি ক্যাম্পের লেভেল ক্রসিং দিয়ে।
রেল নিরাপত্তা বাহিনী বা টিকিট কালেক্টরদের কাছে থাকা ও যাত্রীদের কাছে সংগৃহীত টিকিটও ঢাকাগামী অবৈধ যাত্রীদের কাছে বিক্রি হয় বিমানমন্দর স্টেশনে। বিমানবন্দর-কমলাপুরের টিকিটের ৪০ টাকা মূল্যের বিপরীতে ২০ টাকায় মেলে পুরোনো টিকিট। অভ্যস্তরা তাই নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছ থেকে সংগ্রহ করেন ঢাকার টিকিট। টাকা লেনদেনের ধরন এমন যে কেউ কাউকে চেনেন না। পাশাপাশি হাঁটার সময় কেবল মিলে যায় দুজনের হাত। এভাবেই চলে লেনদেন।
সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেসে পরিবারের চার সদস্য নিয়ে ঢাকায় আসেন মো. বিল্লাল মিয়া। সিলেট স্টেশনে কোনো টিকিট পাননি। সাধারণ টিকিটে ঢাকা আসবেন কি না ভাবছিলেন। তখন রেল নিরাপত্তা বাহিনীর এক সদস্য সিট ম্যানেজ করে দেওয়ার প্রস্তাব দেন। ওই সদস্যের মাধ্যমেই তিনি ঢাকায় আসেন।
বিমানবন্দর স্টেশনে ট্রেনের ভেতর থেকে নিরাপত্তা বাহিনীর ওই সদস্যই বিল্লালদের দেখিয়ে দেন স্টেশনে থাকা অপর এক পুলিশ সদস্যকে। ‘তুমি এদের নিয়ে যাও, আমি আসতেছি’ বলে বিল্লালের পরিবারের সদস্যদের নিয়ে যেতে বলেন সেই সদস্য।
গত সোমবার সরেজমিনে প্রতিবেদন সংগ্রহের সময় তিতাস এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সিলেট জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশনে পৌঁছায়। তিনটি ট্রেনের অন্তত ৩০ জন যাত্রী রেলের কর্মচারী কিংবা নিরাপত্তা সদস্যদের তত্ত্বাবধানে ঢাকা এসেছেন। আরও অর্ধশতাধিক বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় এখানে। এ সময় ২ নম্বর প্ল্যাটফর্মের ফটকে ছিলেন নজরুল, মজনু, অহিদ এবং তোফাজ্জল নামের রেলনিরাপত্তা পুলিশের সদস্যরা।
নাম না প্রকাশের শর্তে রেলের একজন কর্মচারী জানান, অবৈধ যাত্রীপ্রতি ৫০ টাকা পান টিকিট কালেক্টর। ট্রেনের ভেতরে থাকা টিসি ও নিরাপত্তা প্রধানকে দিতে হয় ৫০ টাকা। বাকিটা পান যাত্রী জোগাড়কারী। সবার সিট বরাদ্দ করা থাকে। সিট অনুযায়ী যাত্রী সংগ্রহ হয়।
এ ব্যাপারে জানতে চাইলে স্টেশনমাস্টার মরণ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়টি আমার অধীনে না। এটি দেখার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর (প্রধান পরিদর্শক) আছেন, তাঁর সঙ্গে কথা বলতে পারেন।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর জিহাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। ব্লক চেকের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এরপরও এ ধরনের কাজ কেউ করে থাকলে আমি বিষয়টি খতিয়ে দেখব।’ এই স্টেশনে ৯ থেকে ১৮ মের মধ্যে পরিচালিত ৪টি অভিযানে ২ হাজার ৮৬৫ জনকে ৬ লাখ ৮৫ হাজার ৪৪ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।