রাজধানীর বিমানবন্দর স্টেশনের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় গতকাল বৃহস্পতিবার ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ওই দুর্ঘটনার কারণে কমলাপুর স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ে। কিছু ট্রেন পথেও আটকে যায়।রেলওয়ের কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তনগর সিল্ক সিটি ট্রেনটি বেলা দুইটার দিকে বিমানবন্দর রেলস্টেশনে ঢোকার মুখে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।রেলওয়ে সূত্র জানায়, এ দুর্ঘটনার কারণে সুবর্ণ এক্সপ্রেস বিকেল সাড়ে চারটায় কমলাপুর ছেড়ে তেজগাঁওয়ে গিয়ে আটকে যায়। সন্ধ্যার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস সন্ধ্যা ছয়টায় ছাড়ার কথা। কিন্তু এ প্রতিবেদন লেখার সময় (রাত আটটা) পর্যন্ত ট্রেনটি ছাড়েনি। চট্টগ্রামগামী মহানগর গোধূলীও বিলম্বিত হয়।রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী সন্ধ্যা সাতটায় ফোনে প্রথম আলোকে বলেন, লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি তোলা হয়েছে, অন্যটি ঘণ্টা খানেকের মধ্যে উঠে যাবে। তিনি জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে বিভাগীয় প্রকৌশলীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, ঢাকামুখী সিল্ক সিটি ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে ঢোকার সময় এর মাঝের তিনটি বগি লাইনচ্যুত হয়।