বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রচণ্ড যানজট ছিল রাজধানীর বিমানবন্দর সড়কে। কোনো কোনো যানবাহন তিন ঘণ্টা পর্যন্ত এই সড়কে আটকে থাকে।
ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, সৌদি আরব থেকে হজ পালন শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল পাঁচটায় শাহজালাল বিমানবন্দরে নামেন। সাড়ে পাঁচটার দিকে তিনি বিমানবন্দর থেকে বের হন। তাঁকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীরা সেখানে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।
এই নিয়ে টানা দুদিন এই সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হলো। এর আগের দিন বুধবার হজ পালন করে আসা যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুককে স্বাগত জানাতেও দুপুরের পর সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন বিমানবন্দর এলাকায়। ফলে ওই এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গতকাল খালেদা জিয়াকে স্বাগত জানাতে দুপুরের পর থেকে বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিকেলের মধ্যে হাজার দশেক নেতা-কর্মী সড়কের আশপাশেও ছড়িয়ে পড়েন। একপর্যায়ে গোলচত্বরের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে টঙ্গী ব্রিজ থেকে ঢাকামুখী যানবাহনগুলো আটকে পড়ে। অন্যদিকে কাকলি থেকে বিমানবন্দর চত্বর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা সাতটার দিকে ট্রাফিক বিভাগের (উত্তর) ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিএনপির ১০ থেকে ১২ হাজার নেতা–কর্মী জড়ো হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বর থেকে কয়েক কিলোমিটার এই যানজট ছড়িয়ে পড়ে।
উত্তরার এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা আসাদুর রহমান বলেন, ‘সাড়ে পাঁচটায় অফিস থেকে বের হয়েছি। গাড়ির ভেতরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছিল। বুধবারও একই সময়ে একই ধরনের ভোগান্তিতে পড়েছি। এই যন্ত্রণার শেষ কোথায়?’