বিমানবন্দর সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দুই দিনের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই সড়কে চীনের প্রেসিডেন্টের চলাচল সহজ করতে সড়ক বিভাজনের দুটি স্থান ভেঙে ইউটার্ন তৈরি করা হয়েছে। সড়কে থাকা গতিরোধকও তুলে ফেলা হয়েছে। এতে করে বিমানবন্দর সড়কে যানজট বেড়ে যায়।
এদিকে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর উপলক্ষে আজ সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দর সড়কের খিলক্ষেত ক্রসিং থেকে পদ্মা অয়েল ক্রসিং পর্যন্ত সড়কের পশ্চিম অংশ বন্ধ রেখে পূর্ব অংশে যান চলাচল করবে। তবে এই সড়কের পূর্ব অংশ দিয়ে যানবাহন চলাচল করবে। অবশ্য এ সময় ওই সড়কে দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করতে পারবে না। এসব ভারী যানবাহনকে বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সি চিন পিংয়ের আগমন উপলক্ষে তাঁর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে সড়কগুলো। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এই সড়কের কাজগুলো তত্ত্বাবধান করছেন। ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বলেন, চীনের প্রেসিডেন্ট চলে যাওয়ার পর আবার সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
উত্তর ট্রাফিকের অতিরিক্ত উপকমিশনার হুমায়রা সুলতানা প্রথম আলোকে বলেন, চীনের প্রেসিডেন্টের চলাচলের জন্য সড়কে দুটি ইউটার্ন করাসহ কিছু কাজ করা হচ্ছে। এটি সাময়িক ব্যবস্থা। এ কারণে সড়কে যানবাহনের চাপ বেড়েছে।
ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত নির্দেশনায় বলা হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অতিথির বাংলাদেশ সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে পরদিন ১৫ অক্টোবর শনিবার সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দর সড়কে খিলক্ষেত ক্রসিং থেকে মুনমুন কাবাব (পদ্মা অয়েল) ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম অংশ (আউটগোয়িং) বন্ধ রেখে পূর্ব অংশ দিয়ে গাড়িগুলোর আসা-যাওয়া চালু রাখা হবে।
এ সময় ঢাকামুখী দূরপাল্লার বাস ও ট্রাক আবদুল্লাহপুর দিয়ে বিমানবন্দর সড়ক ব্যবহার করে ঢাকায় প্রবেশ করতে পারবে না। এর পরিবর্তে এসব যানবাহনকে আবদুল্লাহপুর ও ধউর থেকে বেড়িবাঁধ-মাজার রোড অথবা গাবতলী রোড ব্যবহার করতে বলা হয়েছে।