চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বিমানবন্দর সড়কের একটি অংশ চার লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে। নগরের সিমেন্ট ক্রসিং মোড় থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত সড়কটি ৬০ ফুট চওড়া করা হবে। বর্তমানে সড়কটির প্রস্থ কোথাও ১৬ আবার কোথাও ২৬ ফুট। সড়কের ওই অংশের দূরত্ব ৮ দশমিক ৩৮ কিলোমিটার (কিমি)।
গুরুত্বপূর্ণ এই সড়কের সম্প্রসারণ নিয়ে গতকাল সোমবার দুপুরে আন্দরকিল্লার নগর ভবনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সড়ক সম্প্রসারণ করা হলে এসব প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করতে হবে।
সভা শেষে মেয়র নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, বিমানবন্দর সড়ক চট্টগ্রামের প্রবেশদ্বার। এ সড়কের কোথাও সরু, কোথাও প্রশস্ত। অনেক জায়গায় দুটি গাড়ি একসঙ্গে চলাচল করতে পারে না। যানজট তৈরি হয়। সড়কের বর্তমান অবস্থার কারণে বিমানবন্দর দিয়ে আসা যাত্রীদের চট্টগ্রাম নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। এসব বিষয় মাথায় রেখে সড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত প্রকল্প ব্যয় এবং প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়নি। এ জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হবে।
মেয়র বলেন, বিমানবন্দর সড়কের পাশে যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর তালিকা করা হয়েছে। তাঁদের সভায় ডাকা হয়েছে। প্রকল্প গ্রহণের ব্যাপারে সবাই সম্মতি দিয়েছেন, কেউ দ্বিমত পোষণ করেননি। কিছু পুরোনো প্রতিষ্ঠান আছে, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে।
স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রকল্প তৈরি করে তা একনেকে অনুমোদনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানান মেয়র। তিনি বলেন, এটি বাস্তবায়ন করলে চট্টগ্রাম যে বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগরী, এর যে আবেদন বা গুরুত্ব, তা মেটানো সম্ভব হবে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, নগরের বারিক বিল্ডিং মোড় থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত বিমানবন্দর সড়কের মোট দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। সড়কের বারিক বিল্ডিং মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত ৫ দশমিক ৬২ কিলোমিটার অংশ চার লেনের।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রসিং থেকে ড্রাই ডক পর্যন্ত ৩ দশমিক ৭১ কিলোমিটার এবং বোট ক্লাব থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত ৩ দশমিক ২৮ কিলোমিটার দীর্ঘ সড়ক ৬০ ফুট চওড়া করা হবে। এ জন্য ৫১৬ শতক জায়গা অধিগ্রহণ করতে হবে। এ ছাড়া ড্রাই ডক থেকে বোট ক্লাব পর্যন্ত মধ্যবর্তী ১ দশমিক ৩৯ কিলোমিটার সড়ক প্রশস্ত করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।