বিমানবন্দর সড়কের পদচারী-সেতু কবে চালু হবে?

রাজধানীর বিমানবন্দর সড়কের গোল চত্বরে নির্মিত হয়েছে নতুন পদচারী-সেতু। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত এ পদচারী-সেতুর দুপাশে থাকছে দুটি চলন্ত সিঁড়ি।
গতকাল বুধবার দুপুরে বিমানবন্দর এলাকায় গিয়ে দেখা যায়, বিমানবন্দরের প্রবেশমুখের ঠিক পাশেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর নির্মাণ করা হচ্ছে আধুনিক প্রযুক্তিসংবলিত নতুন এই পদচারী-সেতু। বিমানবন্দর রেলস্টেশনের বিপরীতে থাকা পুরোনো পদচারী-সেতুর পাশেই নির্মিত নতুন এ পদচারী-সেতু আশকোনা রেলক্রসিংয়ের রাস্তাটিকে সংযুক্ত করেছে। সেতুর অবকাঠামো নির্মাণ, চলন্ত সিঁড়ি সংযোজন, বিদ্যুৎ-সংযোগ প্রদান, ছাতা নির্মাণ, টব বসানোসহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান মোল্লা প্রথম আলোকে বলেন, সেতুর অবকাঠামো নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সেতুটি আরেকবার রং করে খুব শিগগির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সেতুটি শিশু ও বয়স্কবান্ধব হিসেবে নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনের পর চলন্ত সিঁড়ি ২৪ ঘণ্টা চালু থাকবে কি না এবং চালু ও বন্ধের কাজে কোনো সেন্সর ব্যবহার করা হচ্ছে কি না, জানতে চাইলে মো. নূরুজ্জামান মোল্লা বলেন, সিঁড়ি চালুর জন্য একজন অপারেটর নিয়োগ করা হবে। পদচারীদের চাপ বিবেচনা করে সিঁড়িটি চালু রাখা হবে।
বিমানবন্দর রেলস্টেশনের চা বিক্রেতা মো. নাজিম বলেন, সেতুটি চালু হলে খুব উপকার হবে। এখানকার অন্য পদচারী-সেতুটি একটু দূরে থাকায় লোকজন ঝুঁকি নিয়ে মূল সড়কের ওপর দিয়েই পারাপার হয়।
বর্তমান সেতুর পাশেই আরেকটি সেতু রয়েছে। কিন্তু সেতুটি গোল চত্বর থেকে কিছুটা দুরে হওয়ার কারণে সাধারণ মানুষ তা ব্যবহার করেন না। এ কারণে নতুন আরেকটি সেতু তৈরি করা হচ্ছে।