বিমানবন্দরকে অচল উড়োজাহাজের কবরস্থান বানানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অচল উড়োজাহাজের কবরস্থান বানানো যাবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি মন্ত্রণালয়কে বিমানবন্দর থেকে সব অচল উড়োজাহাজ দ্রুত অপসারণ করতে বলেছে।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটি থেকে বলা হয়েছে, বিমানবন্দরে অনেক অচল উড়োজাহাজ পড়ে আছে। এসব উড়োজাহাজ যেকোনো সময়ে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। কমিটি এসব উড়োজাহাজ অপসারণ এবং অপসারণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে। এ বিষয়ে কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৈঠকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কমিটিকে জানায়, অচল উড়োজাহাজের বেশির ভাগই দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি উড়োজাহাজ রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের। এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এমন আরও কয়েকটি এয়ারলাইনসের উড়োজাহাজ একইভাবে পড়ে রয়েছে।
বৈঠক শেষে জানতে চাইলে কমিটির সদস্য কামরুল আশরাফ খান প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দর কখনো মরা বিমানের কবরস্থান হতে পারে না। এরা সরকারকে কোনো ভাড়াও দেয় না।’ তিনি বলেন, অপসারণ না করলে এসব উড়োজাহাজ নিলামে তোলার ক্ষমতা বিমানবন্দর কর্তৃপক্ষের আছে। কমিটি প্রয়োজনে সেই ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের বৈঠকে কমিটি প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির বিষয়ে করা তিনটি তদন্ত প্রতিবেদনের সারাংশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ করেছে। এ ছাড়া কমিটি বলেছে, দেশের দামি হোটেলে নিয়মিত হাউস গেস্ট হিসেবে বিদেশি শিল্পীদের রাখা যাবে না। কমিটি দেশীয় সংস্কৃতির বিকাশে এসব হোটেলে দেশি শিল্পীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রাশেদ খান মেনন, কামরুল আশরাফ খান ও রওশন আরা মান্নান অংশ নেন।