পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাল রোববার সৌদি আরব থেকে দেশে ফিরছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতা-কর্মীরা। তাঁরা বিমানবন্দরের বাইরে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেবেন।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। চেয়ারপারসনকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর প্রস্তুতির লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি এই যৌথ সভার আয়োজন করে।মির্জা ফখরুল জানান, রোববার দুপুর দুইটায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন। তাঁকে অভ্যর্থনা জানানোর লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বাইরে যাওয়া বা দেশে ফিরে আসার সময় বিমানবন্দরে বিরোধীদলীয় নেতার প্রতি সরকার ‘অসম্মানজনক’ আচরণ করছে। দলের সিনিয়র নেতা, সাংসদ এবং সাবেক মন্ত্রীদের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে দেওয়া হয় না।খালেদা জিয়ার সৌদি আরব সফর সফল হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দলীয় চেয়ারপারসন সেখানে পবিত্র ওমরাহ পালন করেছেন এবং চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি বিরোধীদলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বও পালন করেছেন। সৌদি যুবরাজসহ প্রবাসীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের জন্য সার্বিক সহযোগিতা চেয়েছেন। খালেদা জিয়া গত ২০ মার্চ চিকিৎসার জন্য সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদ যান।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী হওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও আইনজীবীদের অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচনে জয় গণতন্ত্রের বিজয়। ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে সরকার ব্যাপক কারচুপি করছে। সরকারদলীয় সমর্থক প্রার্থীরা কারচুপির আশ্রয় নিচ্ছেন। প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে। এ বিষয়ে বিএনপি তথ্য সংগ্রহ করছে।নারী উন্নয়ন নীতির বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে দলীয় অবস্থান ঠিক হয়নি। চেয়ারপারসন দেশে ফেরার পর জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়। এ জন্য ভারপ্রাপ্ত মহাসচিবকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন, গোলাম আকবর খন্দকার, মশিউর রহমান, নাজিম উদ্দিন আলম, মাহবুব উদ্দিন, খায়রুল কবির প্রমুখ।