বিমানবন্দরে আগুন: তিন সদস্যের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

কমিটির সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) দেবাশীষ বর্ধন, সহকারী পরিচালক (ঢাকা) মামুন মাহমুদ ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, আগুন লাগার কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার তারিক আহমেদ প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার বিকেল চারটা থেকে বহির্গমনের যাত্রীরা ভেতরে প্রবেশ করতে শুরু করেন। এর আগেই ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এর আগে বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের এ ঘটনায় বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রাখা হয়। মূল টার্মিনাল ভবন থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। আগুনের কারণে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দু্ই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশির কাজ করেন।

আরও পড়ুন...