বিমানবন্দরে আটক দুই জার্মান রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আগ্নেয়াস্ত্রসদৃশ’ বস্তু উদ্ধারের ঘটনায় আটক দুজনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিমানবন্দর থানার পুলিশ তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তল্লাশির সময় দুটি কার্টনে নয়টি ‘আগ্নেয়াস্ত্রসদৃশ’ বস্তু পাওয়া যায়। এর মধ্যে চারটি জার্মানির ওয়ালথার ব্র্যান্ডের ও পাঁচটি তুরস্কের কোরাকি ব্র্যান্ডের। এ ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক মোহাম্মদ মনির বেন আলী ও আনিসুল ইসলাম তালুকদারকে আটক করা হয়। বস্তুগুলো উদ্ধারের পর শুল্ক কর্মকর্তারা এগুলোকে আসল আগ্নেয়াস্ত্র হিসেবে দাবি করেন। তবে আটক মনির এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, এগুলো খেলনা পিস্তল। গতকাল সন্ধ্যা পর্যন্ত এগুলো প্রকৃত অস্ত্র কি না, সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।