বিমানবন্দরে আরও ছয় হাজার মোবাইল ফোনসেট জব্দ
মাত্র এক দিনের ব্যবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার আরও ছয় হাজার নকল মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। কিন্তু এ ঘটনায় আগের মতোই বিমানবন্দর থানায় কোনো মামলা হয়নি।জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, কাস্টমসের আইনগত পদক্ষেপ ও অগ্রগতি জানতে চেয়ে বিটিআরসির পক্ষ থেকে চিঠি দেওয়া হবে।গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও কাস্টমসের যৌথ অভিযানে এসব মোবাইল ফোনসেট জব্দ করা হয়।এর আগে গত রোববার বিকেলে বিমানবন্দরে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮৩ হাজার নকল মোবাইল ফোনসেট জব্দ করা হয়।বিটিআরসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার জব্দ করা সেটগুলো মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের। চীনে তৈরি কিংটেল মোবাইল সেট আমদানি করার জন্য প্রতিষ্ঠানটি বিটিআরসি থেকে ছাড়পত্র নিয়েছে। কিন্তু যেসব মোবাইল ফোনসেট তারা আমদানি করেছে, সেগুলোর গঠন দেখতে স্যামসাং ও নকিয়ার মতো। শুধু ওপরের কভার সেট পাল্টে দিলেই বাজারে প্রচলিত নকিয়া বা স্যামসাং সেটের সঙ্গে বদলে নেওয়া যাবে।এর আগে রোববারের জব্দ করা সেটগুলোর আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ, মেসার্স রাহা এন্টারপ্রাইজ এবং মেসার্স টপস্টার এন্টারপ্রাইজ।বাংলাদেশে স্যামসাং মোবাইল ফোনসেট আমদানি করা একমাত্র অনুমোদিত ডিলার ট্রান্সকম মোবাইল লিমিটেড। প্রতিষ্ঠানের হেড অব বিজনেস শেখ আবদুল্লাহ আকবর প্রথম আলোকে বলেন, নকল মোবাইল ফোনসেট কিনে ক্রেতারা প্রতারিত হন। ক্রেতার এই অধিকার রক্ষায় বিটিআরসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সোচ্চার হতে হবে। তিনি বলেন, এর ফলে ব্যবসায়ীরা তাঁদের সুনাম ও ব্যবসা হারানোর পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে।বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, দুটি ঘটনার কোনোটি সম্পর্কে থানার পুলিশ অবগত নয়।