বিমানবন্দরে আরও ২০ কেজি সোনা আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে দুবাই থেকে আসা সোহেল আহমেদ নামের এক যাত্রীর কাছ থেকে দুই কেজি ৮০০ গ্রাম সোনা আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিমানের একটি উড়োজাহাজের শৌচাগারের ভেতর থেকে ১৭ কেজি সোনা আটক করা হয়। এ নিয়ে গত দুই দিনে বিমানবন্দরে অবৈধভাবে আসা আরও প্রায় ২০ কেজি সোনা আটক করা হলো। গত আট দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি সোনা আটকের ষষ্ঠ ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল নয়টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে দুবাই থেকে ঢাকায় আসেন সোহেল আহমেদ। সকাল ১০টার দিকে স্ক্যানিংয়ের সময় তাঁকে সন্দেহ হলে তাঁর মালামাল ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সব মিলিয়ে ২৪টি সোনার বার পাওয়া যায়। সোহেল আহমেদ তাঁর ব্যাগেজে, ট্যাং ও দুধের কৌটার ভেতরে এবং শরীরের বিভিন্ন স্থানে এই সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। শুল্ক কর্তৃপক্ষের দাবি, আটক হওয়া এ সোনার মূল্য প্রায় সোয়া এক কোটি টাকা।
শুল্ক কর্তৃপক্ষ জানায়, গতকাল রাতে হংকং থেকে বিমানের একটি উড়োজাহাজ ঢাকায় এসে পৌঁছায়। রাত সাড়ে ১১টার দিকে ওই বিমানের শৌচাগারের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ কেজি সোনা আটক করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ।
শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার মো. ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি দল রাতে বিমানের ডিসি-১০ উড়োজাহাজের ৩ ও ৬ নম্বর শৌচাগারের ভেতর থেকে এই সোনা উদ্ধার করে। ৩ নম্বর শৌচাগারে কালো কাপড়ে মোড়া দুটি প্যাকেট ছিল। ৬ নম্বর শৌচাগারে কালো কাপড়ে মোড়া আরও একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলো থেকে মোট ১৪৬টি সোনার বার উদ্ধার হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া সোনার মূল্য ছয় কোটি টাকা। এ বিষয়ে বিভাগীয় মামলা হয়েছে।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার জাকিয়া সুলতানা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এর আগে গতকাল সকালে বিমানবন্দরে জাহাঙ্গীর হোসেন (৪৭) নামের এক ব্যক্তির কাছ থেকে সোনার ছয়টি বার ও ৪৭টি হার্ডডিস্ক আটক করা হয়। এর মধ্যে চারটি বার জাহাঙ্গীর হোসেনের কম্পিউটারের হার্ডডিস্কের জায়গায় লুকানো ছিল। ২৫ অক্টোবর এক কেজি ১৬১ গ্রাম সোনাসহ সৌদি ফেরত এক হাজিকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর আগে ২২ অক্টোবর মঙ্গলবার দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজের শৌচাগারে ৩২ কেজি ও ২৩ অক্টোবর বুধবার ব্যাংকক থেকে আসা এক যাত্রীর ল্যাপটপের ভেতরে থেকে এক কেজি ২০০ গ্রাম সোনা আটক করা হয়।