ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকঢোল পিটিয়ে উদ্ধার দেখানো ‘আগ্নেয়াস্ত্রসদৃশ’ বস্তুগুলো আসলে আগ্নেয়াস্ত্র নয়, সেগুলো সবই ছিল খেলনা পিস্তল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও তদন্ত (সিআইডি) বিভাগের পরীক্ষায় এ তথ্য দেওয়া হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ‘আগ্নেয়াস্ত্রসদৃশ’ ৯টি বস্তু, ১২ বোতল বিদেশি মদসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মানির নাগরিককে আটক করা হয়। তাঁরা হলেন মোহাম্মদ মনির বেন আলী ও আনিসুল ইসলাম তালুকদার। তাৎক্ষণিকভাবে শুল্ক কর্মকর্তারা এগুলো আসল অস্ত্র হিসেবে দাবি করেন। বেলা আড়াইটার দিকে র্যা বও একই দাবি করে একটি খুদেবার্তা পাঠায়। বার্তায় বলা হয়, র্যা ব ও শুল্ক কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিমানবন্দর থেকে নয়টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দিন বিকেল চারটায় সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনটি শেষ পর্যন্ত আর হয়নি। এগুলো অস্ত্র কি না, তা নিয়ে সংশয় তৈরি হলে শুল্ক কর্মকর্তারা এগুলোকে আগ্নেয়াস্ত্রের পরিবর্তে আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তু বলে উল্লেখ করেন।
সে সময় বিমানবন্দরে মনির প্রথম আলোকে বলেন, ওগুলো আগ্নেয়াস্ত্র নয়, খেলনা পিস্তল। বায়তুল মোকাররম মার্কেটের এক অস্ত্র ব্যবসায়ী তাঁকে খেলনাগুলো আনতে বলেছিলেন। এগুলো সিনেমার শুটিংয়ে ব্যবহৃত হয়। তিনি প্রতিটি খেলনা পিস্তল ১২০ ইউরো করে কিনেছেন।
ঘটনার দিন রাতে বিমানবন্দর থানায় তাঁদের দুজনকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলায় তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি মদ, বৈদেশিক মুদ্রা ও আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তু চোরাচালানের অভিযোগ করা হয়। পরে পুলিশ ওই আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তুগুলো আসল অস্ত্র কি না, তা নিশ্চিত হতে ব্যালিস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, গত মঙ্গলবার তিনি ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন। প্রতিবেদনে অস্ত্রসৃদশ বস্তুগুলো আসল অস্ত্র নয় বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, এগুলো আসল অস্ত্র হলে আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হতো। এখন আর সে মামলা হচ্ছে না। তবে বিদেশি মদ রাখার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে যে মামলা হয়েছে, সেই মামলায় তাঁদের বিচার হবে। আটক দুজন এখন কারাগারে আছেন বলে ওসি জানিয়েছেন।