বিমানবন্দরে এপিবিএন ও শুল্ক বিভাগের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও শুল্ক বিভাগের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এর জের ধরে এপিবিএনের বিরুদ্ধে যাত্রী হয়রানি, শুল্ক বিভাগের নৈমিত্তিক কাজে হস্তক্ষেপ ও বিশৃঙ্খলার অভিযোগ তুলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সদস্য (শুল্ক) মো. নাসির উদ্দীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেছেন যে এপিবিএন সদস্যদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে পরস্পরবিরোধী অস্বস্তিকর অবস্থান তৈরি হয়েছে। এপিবিএন সদস্যরা ব্যাগেজ রুল না মেনে বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে শুল্ক আদায়ের জন্য শুল্ক কর্মকর্তাদের চাপ দিচ্ছেন। এমনকি বিনা কারণে অনেককে গ্রেপ্তার করছেন তাঁরা। এ ছাড়া ব্যাগেজ রুল অনুযায়ী শুল্ক কর্তৃপক্ষ সবুজ চ্যানেল পার হওয়া যাত্রীদের সর্বোচ্চ ৫ শতাংশের মালপত্র দৈব চয়নের ভিত্তিতে স্ক্যানিং বা পরীক্ষা করতে পারেন। কিন্তু এপিবিএন সদস্যরা যে প্রক্রিয়ায় শুল্ক এলাকার বাইরে যাত্রীদের ব্যাগেজ পরীক্ষা করছেন, তাতে যাত্রীসেবার পরিবর্তে চরম যাত্রী হয়রানি হচ্ছে।তবে এপিবিএনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য প্রথম আলোর কাছে পাল্টা অভিযোগ করেন, বিভিন্ন সময় শুল্ক কর্মকর্তারাই যাত্রীদের হয়রানি করেন ও উৎকোচ আদায় করেন। অনেক সময় উৎকোচ নিয়ে শুল্ক ছাড়া বা কম শুল্ক নিয়ে মালামাল ছেড়ে দেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রকম অনেক ঘটনা এপিবিএন সদস্যরা হাতেনাতে ধরেছেন। এ কারণে শুল্ক কর্মকর্তারা খেপেছেন।শুল্ক কর্মকর্তারা বলেন, যাত্রীদের মালামাল চুরি, যাত্রী হয়রানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে বিমানবন্দরের বহিরাঙ্গন নিরাপত্তার জন্য এপিবিএনকে নিয়োজিত করা হয়। কিন্তু তারা এখতিয়ারবহির্ভূত ভাবে শুল্ক বিভাগের কাজে হস্তক্ষেপ করছে। বিমানবন্দরে যাতায়াতকারীদের ৯০ শতাংশই প্রবাসী শ্রমিক। তাঁরা প্রিয়জনের জন্য বিভিন্ন জিনিসপত্র আনেন। মানবিক কারণে তাঁদের বিরক্ত করতে চান না শুল্ক কর্মকর্তারা। কিন্তু এ ধরনের যাত্রীদেরও শুল্ক এলাকা পার হওয়ার পর বাইরে থেকে ধরে নিয়ে আসেন এপিবিএন সদস্যরা। এনবিআর গত ২৫ জুলাই স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান ও সহকারী পুলিশ সুপার মিনহাজুল ইসলামকে অন্যত্র বদলির অনুরোধ করে। এরপর গত সপ্তাহে এনবিআরের সদস্য (শুল্ক) নাসির উদ্দীন এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদের সঙ্গে দেখা করে অনুরোধ করেন। এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।জানতে চাইলে কাস্টম হাউসের কমিশনার জাকিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ‘গত জুলাই থেকে এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের দ্বন্দ্ব চলছে। অনেকবার চেষ্টা করেছি, তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো সমাধান করতে। কিন্তু তাঁরা আলোচনায় বসলে একরকম বলেন, কিন্তু পরদিন করেন উল্টাটা। অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অধীনস্থ কর্মকর্তারা বলছেন, আমি তাঁদের পক্ষে কোনো অবস্থান নিতে পারছি না।’এ ব্যাপারে এপিবিএনের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।