বিমানবন্দরে এবার আড়াই কেজি সোনা উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববারও সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল উদ্ধার করা হয় আড়াই কিলোগ্রাম (কেজি) ওজনের সোনার বার।
এর আগে গত শনিবার সকাল ১০টার দিকে এক কেজি সোনাসহ শেখ আবুল হোসেন নামের একজনকে আটক করেছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
কাস্টমস কর্মকর্তারা জানান, গতকাল বেলা ১১টার দিকে আড়াই কেজি ওজনের সোনার বারসহ মোহাম্মদ শহীদুল্লাহ (৫০) নামের এক যাত্রীকে আটক করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার এম ওয়াজেদ আলী জানান, শহীদুল্লাহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে আসেন। আনুষ্ঠানিকতা শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে কাস্টমসের সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর লাগেজ তল্লাশি করে ডিনার সেটের বাক্সের ভেতর ২১টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন আড়াই কিলোগ্রাম। পরে ওই ব্যক্তিকে বিমানবন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।