বিমানবন্দরে কুকুর বিমানের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৫ জন যাত্রী নিয়ে কক্সবাজার বিমানবন্দরে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রিজেন্ট এয়ারের একটি বিমান অবতরণ করে। এ সময় একটি কুকুর এসে বিমানটির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক যাত্রী বলেন, দেশি-বিদেশি ৪৫ জন যাত্রী নিয়ে বিকেলে বিমানটি ঢাকা থেকে রওনা দেয়। সন্ধ্যা ছয়টার দিকে সেটি কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে নামে। কিছুক্ষণ পর বিমানটি জোরে একটা ধাক্কা খায়। ঝাঁকুনিতে যাত্রীরা হইচই শুরু করেন। তাড়াহুড়ো করে যাত্রীরা রানওয়েতে নেমে দেখেন একটি কুকুর বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে মরে পড়ে রয়েছে এবং বিমানের জ্বালানি ট্যাংক ফেটে তেল রানওয়েতে পড়ছে।
রিজেন্ট এয়ারের কক্সবাজারের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেওয়ারিশ একটি কুকুরের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পেটে বাচ্চা থাকায় কুকুরটি দ্রুত রানওয়ে থেকে সরে যেতে পারেনি। তেল পড়া বন্ধ করা গেলে বিমানটি ঢাকায় ফিরে যাবে। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের একজন নিরাপত্তাকর্মী বলেন, বিমানবন্দরের চারদিকে সীমানাপ্রাচীর থাকলেও ভাঙা অংশ এবং ফটক দিয়ে প্রায়ই রানওয়েতে বেওয়ারিশ কুকুর ঢুকে পড়ে। জনবল কম থাকায় সব সময় এসব তদারকি করা যায় না।