বিমানবন্দরে কেনিয়াগামী ৭৪ যাত্রী আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার কেনিয়াগামী ৭৪ জন যাত্রীকে আটক করেছেন বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তাঁরা সবাই বাংলাদেশি। পুলিশ বলছে, ভুয়া নথিপত্র দেখিয়ে তাঁদের কেনিয়া পাঠানোর চেষ্টা করেছিল একটি চক্র।
বিমানবন্দর সূত্র বলেছে, বিমানের দুবাইগামী বিজি ০৫১ ফ্লাইটের যাত্রী ছিলেন ওই ৭৪ জন। ওই ফ্লাইটের মোট যাত্রীসংখ্যা ছিল ৩৬২ জন। ফ্লাইটটি ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়। এই যাত্রীরা ফ্লাইটে ওঠার জন্য ইমিগ্রেশন কাউন্টারও পার হয়ে গিয়েছিলেন।
ইমিগ্রেশন পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপার মুকিত হাসান খান প্রথম আলোকে বলেন, এই ৭৪ জন বিমানের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন। সেখান থেকে তাঁদের কেনিয়ার নাইরোবির ফ্লাইট ছিল। কেনিয়া যেতে ভিসা লাগে না বলে এভাবে তাঁদের সেখানে নেওয়া হচ্ছিল। এ জন্য প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা করে নেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। কেনিয়া থেকে তাঁদের দক্ষিণ আফ্রিকা এবং কাউকে কাউকে ইতালি নেওয়ারও প্রলোভন দেখানো হয়েছিল।
বিমানবন্দর এপিবিএনের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বলেন, আটককৃত ব্যক্তিদের পরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।