বিমানবন্দরে কোকোর লাশ গ্রহণ করবেন ৫ নেতা

বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ বিমানবন্দরে গ্রহণ করবেন পাঁচ নেতা। আগামীকাল মঙ্গলবার সকালে কোকোর লাশ দেশে পৌঁছানোর কথা।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমানসহ পাঁচ নেতা চেয়ারপারসনের নির্দেশে আরাফাত রহমানের লাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করবেন।
বিএনপি সূত্র জানায়, কোকোর লাশ বিমানবন্দর থেকে সরাসরি গুলশান কার্যালয়ে আনা হবে।
এ দিকে আজও খালেদা জিয়াকে সমবেদনা জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা গুলশান কার্যালয়ে আসেন। এর মধ্যে রয়েছেন নরওয়ে, নেপাল, ফিলিপাইন, স্পেন, তুরস্ক, কুয়েত, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সাবেক ফুটবলার আমিনুল ইসলামসহ ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন ব্যক্তি গুলশান কার্যালয়ে আসেন। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীও শোক বইয়ে স্বাক্ষর করেন। সকাল থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কার্যালয়ের বাইরে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।
কার্যালয় থেকে বেরিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হিরা ও ক্রীড়া সংগঠক খন্দকার জামিল সাংবাদিকদের জানান, তাঁরা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কোকোর জানাজা আয়োজনের জন্য পরিবারের কাছে অনুমতি চেয়েছেন।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনকে সমবেদনা জানাতে গুলশানের কার্যালয়ে যায়। তাঁদের মধ্যে রয়েছেন মেট্রো চেম্বারের সাবেক সভাপতি রোকেয়া আফজাল রহমান, এফবিসিসিআইয়ের সাবেক তিন সভাপতি মীর নাসিরউদ্দিন আহমেদ, আনিসুল হক ও একে আজাদ, মেট্রো চেম্বারের সাবেক সভাপতি ও ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসসহ বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা।
প্রতিনিধিদের পক্ষে আতিকুল ইসলাম কার্যালয়ের বাইরে এসে সাংবাদিকদের বলেন, ‘আমরা আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছি। শোক বইয়ে স্বাক্ষর করেছি। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আমাদের দেখা হয়নি।’