বিমানবন্দরে কোটি টাকার সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি চালান খুলে কোটি টাকা বাজারমূল্যের সাড়ে ১৪ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ বুধবার কাস্টমস থেকে এই তথ্য জানানো হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চালানটি বিমানবন্দরে আনা হয়। ওই উড়োজাহাজে আমদানি শর্তযুক্ত চালান আসতে পারে—এমন খবরের ভিত্তিতে বিমানবন্দরের পণ্যের গুদামে তল্লাশি করেন কাস্টমস কর্মকর্তারা। পরে ৭ হাজার ২৬২ কার্টনে ১৪ লাখ ৫২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।
আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট শর্তযুক্ত আমদানি পণ্য। অর্থ্যাৎ সিগারেট আমদানিতে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে। এ জন্য ঘোষণা দিতে হবে। তবে জব্দ করা সিগারেটে এই শর্ত মানা হয়নি। মূলত, সিগারেটে শুল্ককরও বেশি। শুল্ককর ফাঁকি দিতেই এসব শর্ত মানা হয়নি ।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো. সালাহউদ্দিন রিজভী প্রথম আলোকে বলেন, অবৈধভাবে আনা এসব সিগারেট রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হবে। এ ব্যাপারে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।