বিমানবন্দরে গাড়ি ছিনতাইয়ের সময় তিনজন গ্রেপ্তার
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতে গাড়ি ছিনতাইয়ের সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তাঁরা হলেন তসলিম আহমেদ, নাসির উদ্দিন ও ইসমাইল। বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী সুপার আতিকুর রহমান জানান, সোমবার রাত একটার দিকে ২ নম্বর টার্মিনালের সামনে তিন ব্যক্তি বিদেশফেরতের মিথ্যা পরিচয়ে গাড়ি ভাড়া করে তা ছিনতাইয়ের চেষ্টা করেন। তারা চালককে জানান, তাঁদের মধ্যে একজন বিদেশ থেকে এসেছে এবং সবাই গোপালগঞ্জের মুকসুদপুর যাবেন। কিন্তু তাঁদের সঙ্গে একটিমাত্র কাঁধে নেওয়ার ব্যাগ দেখে চালক মো. সেলিমের সন্দেহ হয়। সেলিম কথিত বিদেশফেরত ব্যক্তির পাসপোর্ট দেখতে চান। কিন্তু যাত্রীরা পাসপোর্ট দেখাতে না পেরে চালকের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা চালক সেলিমকে বেঁধে ফেলতে গেলে তিনি চিৎকার দেন। তখন কর্তব্যরত আর্মড পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করেন।