বিমানবন্দরে গুলি উদ্ধারের মামলায় লন্ডনপ্রবাসী কারাগারে
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিসহ আটক লন্ডনপ্রবাসী বাংলাদেশি আবদুস সবুরকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর লাগেজ থেকে ১৫০টি গুলি উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার কারাগারে পাঠানো হয়।
গতকাল শনিবার রাতে বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সরোয়ার হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। এ সময় আটক ব্যক্তি ও উদ্ধার করা গুলি পুলিশে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, মামলায় সবুরকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, গতকাল শনিবার সকালে লন্ডন থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আবদুস সবুর (৪৫) নামের একজন যাত্রীর লাগেজ তল্লাশি করে গুলি পাওয়া যায়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের বাসিন্দা আবদুস সবুর (পাসপোর্ট নম্বর বিজিআর-৫২৫৮৮৭৯২৩) লন্ডনে বসবাস করতেন।
এদিকে গুলি উদ্ধার কাজকে বিমানবন্দরে নিরাপত্তার কাজে নিয়োজিত বিজিবির ‘ডগ স্কোয়াডের সফলতা’ বলে জানিয়েছে ৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাবারুদ ও অন্যান্য বিস্ফোরক দ্রব্যাদি শনাক্তের দায়িত্বে নিয়োজিত রয়েছে বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াড। ওই দিন লন্ডন থেকে দেশে আসা যাত্রীর ব্যাগ স্ক্যান করলে কর্তব্যরত কাস্টমস প্রতিনিধিদের সন্দেহ হয়। পরে বিজিবির ডগ স্কোয়াডের একটি প্রশিক্ষিত ডগ (এমিলি) গুলির ব্যাগ কামড়ে ধরে ১৫০ রাউন্ড গুলি থাকার বিষয়টি শনাক্ত করে।