বিমানবন্দরে ছুরি নিয়ে হামলার ঘটনায় মামলা
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে ছুরি নিয়ে যুবকের হামলায় আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
আনসারের প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আজ সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। আনসার সদস্যকে হত্যা, সরকারি কাজে বাধা ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় হামলাকারী যুবক শিহাবকে আসামি করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম মিয়া প্রথম আলোকে বলেন, আনসারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে। আনসার সদস্য হত্যা, সরকারি কাজে বাধা ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়।
গতকাল রোববার সন্ধ্যায় এক যুবকের হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সোহাগ আলী (২৪) নিহত হয়েছেন। আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও তিন সদস্য আহত হয়েছেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আহত অবস্থায় আটক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য যে টিকিট করা হয়, এতে ওই যুবকের নাম শিহাব, বয়স ২০ বছর লেখা হয়েছে।
এদিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তারের ভাষ্য, বিমানবন্দরের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে দোতলায় বহির্গমনে এখন কেবলমাত্র যাত্রীদেরই যেতে দেওয়া হচ্ছে। নিচে ক্যানোপির ভেতর বা বাইরে একসঙ্গে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।