বিমানবন্দরে জাল পাসপোর্টসহ আটক তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের জাল পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় এক রোহিঙ্গাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গা হলেন আবুল কাশেম। অন্য দুজন হলেন বাংলাদেশের নাগরিক মোহাম্মাদ আলী ও আকতার হোসেন।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় বিমানবন্দরের চেক ইন রো থেকে এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল এই তিনজনকে গ্রেপ্তার করে। আজ দুপুর সাড়ে ১২টায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন সাড়ে তিন লাখ টাকা দালালকে দিয়েছিলেন। তবে মিয়ানমারের রোহিঙ্গা আবুল কাশেম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি বাংলাদেশের জাল পাসপোর্ট নিয়ে দীর্ঘ ১৭ বছর সৌদি আরব ছিলেন। পাসপোর্ট-সংক্রান্ত জটিলতার জন্য কিছু দিন আগে বাংলাদেশে এসে আজ আবারও সৌদি আরব যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় বিমানবন্দর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।