বিমানবন্দরে জাল পাসপোর্টসহ আটক ৬
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শনিবার পাঁচটি জাল পাসপোর্টসহ ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁদের মধ্যে একজন রোহিঙ্গা। তাঁদের কাছ থেকে জব্দ করা জাল পাসপোর্টের মধ্যে একটি মেশিন রিডেবল পাসপোর্ট রয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন যশোরের শার্শার মো. তাহাজ্জুদ (৩৮), রোহিঙ্গা নাগরিক মো. জায়ান আলম (২০), টাঙ্গাইলের সখিপুরের মো. আজিজ (৩৪), একই জেলার কালিহাতির মো. শিহাব (২০), সিরাজগঞ্জের শাহজাদপুরের মো. শাহজাদ (৩২)। এপিবিএনের ভাষ্য, আটক হওয়া আরেক ব্যক্তি জহিরুল ইসলাম একজন দালাল। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে জানান, জহিরুল ইসলাম ছাড়া বাকি পাঁচজনের আজ বেলা ১২টা ৪০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের বিমানবন্দর থেকে বেলা সাড়ে ১১টার দিকে আটক করা হয়।
তাহাজ্জুদের জাল পাসপোর্টটি মেশিন রিডেবল। তিনি নিজেকে আকবর ফকির হিসেবে পরিচয় দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক হওয়া ব্যক্তিদের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় এপিবিএন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।