বিমানবন্দরে জাল পাসপোর্টসহ ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার পাঁচটি জাল পাসপোর্টসহ ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁদের মধ্যে একজন রোহিঙ্গা। আটক পাসপোর্টের মধ্যে একটি মেশিন রিডেবল পাসপোর্টও (এমআরপি) ছিল।

পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. তাহাজ্জুদ, রোহিঙ্গা নাগরিক জাফর আলম, মো. আজিজ, মো. শিহাব, মো. শাহজাদ ও জহিরুল ইসলাম। এপিবিএন সূত্র জানায়, জহিরুল অবৈধভাবে বিদেশে লোক পাঠানো চক্রের সদস্য। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আলমগীর হোসেন  বলেন, আটক ব্যক্তিদের মধ্যে জহিরুল ও রোহিঙ্গা নাগরিক জাফর একটি পক্ষ এবং বাকি চারজন আরেকটি পক্ষ। জহিরুল রোহিঙ্গা নাগরিককে বিমানে তুলে দেওয়ার সব বন্দোবস্ত করেছিলেন। গতকাল মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে জহিরুল ছাড়া রোহিঙ্গা নাগরিকসহ পাঁচজনের কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, তাহাজ্জুদের পাসপোর্টটি এমআরপি। খতিয়ে দেখা গেছে, পাসপোর্টটি মূলত আকবর ফকির নামের শরীয়তপুরের এক নাগরিকের। সব তথ্য ঠিক রেখে শুধু ছবি পরিবর্তন করে পাসপোর্টটি জাল করা হয়েছে। কীভাবে ছবি পরিবর্তন করা হয়েছে তা এখনো জানা যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে পুলিশ।