বিমানবন্দরে তিন কেজি সোনাসহ এক যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে তিন কেজি সোনাসহ আরিফ হোসেন (২৮) নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক করা ওই সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মালয়েশিয়া থেকে একটি উড়োজাহাজে হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন আরিফ। তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রুহুল আমিনের নেতৃত্বে একটি দল আরিফকে তল্লাশি করে তাঁর জ্যাকেটের ভেতর থেকে ১১টি সোনার বার উদ্ধার করে৷ যার পরিমাণ তিন কেজি৷
ঢাকা কাস্টম হাউসের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ২০০ গ্রাম সোনা আনার কথা বলে আরিফ অতিরিক্ত আরও তিন হাজার গ্রাম (তিন কেজি) সোনা নিয়ে এসেছেন। তাঁর পাসপোর্টে দেখা গেছে, তিনি এ বছর ১৪ বার দেশের বাইরে গেছেন। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।