বিমানবন্দরে দুই কেজি ৮০০ গ্রাম সোনাসহ আটক ২
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার দুই কেজি ৮০০ গ্রাম সোনাসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর মধ্যে একজনের কাছ থেকে দুই কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক অরিন্দম চাকমা প্রথম আলোকে বলেন, দুই কেজি ২০০ গ্রাম সোনাসহ ইমাম হাসান (৩৫) নামের এক যাত্রীকে আটক করা হয় দুপুর পৌনে ১২টার দিকে। এই সোনা চারটি বারে ছিল। ইমাম হাসান বেলা সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় আসেন। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁর দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
অরিন্দম চাকমা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমাম হাসান চলতি বছরে ১৬ বার মালয়েশিয়া থেকে দেশে যাতায়াত করেছেন। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মনসুরাবাদে। তিনি সোনা চোরাচালানের বাহক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এর আগে সকাল সাতটার দিকে ৬০০ গ্রাম সোনাসহ বাহালুল নামের একজনকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এই সোনা তিনটি বারে ছিল। তিনি মালয়েশিয়া থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় আসেন।