বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৪৫৭টি মুঠোফোন সেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৪৫৭টি মুঠোফোন সেট উদ্ধার করেছেন রাজস্ব কর্মকর্তারা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এসব সেট উদ্ধার করা হয়।এসব মুঠোফোন সেটের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। বিমানবন্দর সূত্র জানায়, দুবাইয়ের একটি ফ্লাইটে আসা কামাল উদ্দিন ও ইমরানুল হাসানের লাগেজ তল্লাশি করে বিভিন্ন কোম্পানি ও মডেলের এসব মুঠোফোন সেট জব্দ করা হয়। কামাল উদ্দিনের বাড়ি সীতাকুণ্ড এবং ইমরানুল হাসানের বাড়ি ফেনী এলাকায়। সম্পর্কে তাঁরা মামা-ভাগিনা। তবে বিমানবন্দরের একটি সূত্র জানায়, এই দুজন ৩ আগস্ট দুবাই যান। এরপর প্রায় দেড় লাখ রিয়েল দিয়ে ৬১০টি মুঠোফোন সেট কিনে দেশে ফিরে আসেন।ঈদের আগে বাজারে বিক্রির জন্য এসব মুঠোফোন সেট আনা হয়। এ হিসেবে জব্দ তালিকায় গরমিল রয়েছে বলে জানা গেছে।জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের বিমানবন্দর শাখার সহকারী কমিশনার শহীদুল ইসলাম বলেন, দুজনের লাগেজ তল্লাশি করে ৪৫৭টি মুঠোফোন সেট পাওয়া গেছে। তাঁদের সঙ্গে আসা আরও দুজন বেরিয়ে গেছেন। সে ক্ষেত্রে হয়তো আরও বেশি মুঠোফোন তাঁরা নিয়ে এসেছিলেন।