বিমানবন্দরে দুদকের অভিযান

দুর্নীত দমন কমিশনের (দুদক) হটলাইনে (১০৬) হয়রানির অভিযোগ পেয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়েছে সংস্থাটি। সেখানে গিয়ে অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে দুদকের দলটি।
আজ বুধবার দুপুর ১২টার দিকে দুদকের এনফোর্সমেন্ট দলের সদস্যরা বিমানবন্দরে অভিযান চালান। এর আগে দুদকের হটলাইনে অভিযোগ আসে, বিমানবন্দরের এক নিরাপত্তারক্ষী কর্তৃক ভারত থেকে আসা এক যাত্রীকে হয়রানি করছেন এবং অনৈতিক অর্থ দাবি করছেন। অভিযোগ পেয়ে দুদকের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল পুলিশসহ দুপুর ১২টায় অভিযান চালায়। তারা বিমানবন্দরে সংরক্ষিত ভিডিও ফুটেজ পরীক্ষা করে ওই ব্যক্তিকে বিমানবন্দরের কাস্টমসে কর্মরত হিসেবে শনাক্ত করেন।
পরে দলটি বিমানবন্দর কাস্টমস কমিশনারকে এ ঘটনা জানায়। কাস্টমসের পক্ষ থেকে সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মর্মে দুদক দলকে নিশ্চয়তা দেওয়া হয়। বলা হয়, ভবিষ্যতে দুর্নীতি ও হয়রানি রুখতে কাস্টমস চেক পয়েন্টগুলোতে কমিশনারের নিজের মোবাইল নম্বর প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে, যাতে কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে তার কাছে অভিযোগ করতে পারেন।
অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘বিমানবন্দরে দুর্নীতি ও হয়রানির ঘটনা দেশের ভাবমূর্তিকে ম্লান করে। তাই এসব ঘটনা কঠোর হাতে দমন করা প্রয়োজন।’
বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পদায়নে ঘুষ ও অনৈতিক লেনদেনের অভিযোগ দুদক অভিযোগকেন্দ্রে এলে গত সোমবার বগুড়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলীকে দুদকে তলব করা হয়। আজ দুদক কার্যালয়ে এসে তিনি জানান, পছন্দের বিদ্যালয়ে পদায়নের জন্য শিক্ষকেরা তদবির করছেন, কিন্তু তিনি নিয়মনীতি ভঙ্গ করে কোনো পদায়ন করবেন না। তাঁর কাছ থেকে দুদক এই মর্মে অঙ্গীকারনামা গ্রহণ করে যে পদায়নে কোনো দুর্নীতি হবে না। এ ছাড়া দুর্নীতিবিরোধী পোস্টার, লিফলেট ও ব্যানার তাঁর নিয়ন্ত্রণাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের জন্য দেওয়া হয়।