বিমানবন্দরে ফেলে যাওয়া সেই শিশু নতুন মা-বাবা পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেলে যাওয়া সেই ছোট্ট ফাতেমা পেল নতুন মা-বাবা। গতকাল বুধবার ঢাকার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিশু ফাতেমাকে এক দম্পতির জিম্মায় দেওয়ার আদেশ দেন। ওই দম্পতি হলেন আইনজীবী সেলিনা আকতার ও ব্যবসায়ী মো. আলমগীর হোসেন।

২২ আগস্ট শিশুটিকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে শিশুটির নামে ৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৮ জুলাই জর্ডান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরছিলেন জয়দেবপুরের স্বপ্না বেগম। একই বিমানে শিশুটিকে নিয়ে তার মা-ও ফিরছিলেন। স্বপ্না জর্ডানে গৃহকর্মী হিসেবে গিয়েছিলেন। বিমানে পরিচয় হওয়া ওই নারী শিশুটিকে স্বপ্নার কাছে রেখে চলে যান। এরপর তাঁকে না পেয়ে স্বপ্না পুলিশকে জানান। পুলিশ শিশুটিকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়।

গত ২৫ জুলাই আদালত শিশুটির প্রকৃত বাবা কে সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে বিমানবন্দর থানা-পুলিশকে নির্দেশ দেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক আবু সাঈদ এক প্রতিবেদন দিয়ে আদালতকে জানান, শিশুটির প্রকৃত বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়নি। এরপর শিশুটিকে পেতে ৯ দম্পতি আবেদন করেন।

গতকাল আদেশ দেওয়ার সময় বিচারক বলেন, ৯ দম্পতি শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেন। সবাই উপযুক্ত। তাঁদের মধ্যে এক দম্পতিকে বেছে নিতে হয়েছে। আদালত বলেছেন, শিশুটির প্রকৃত বাবা-মা যেকোনো সময় এসে চাইলে তাকে ফেরত দিতে হবে।

আদালতে গতকাল শিশুটিকে কার কাছে দেওয়া হবে এ বিষয়টি নির্ধারণের জন্য ছিল। তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক (এসআই) পারভীন আকতার শিশু ফাতেমাকে আদালতে নিয়ে আসেন। বিকেলে আদালত এক দম্পতিকে নির্বাচন করেন এবং শিশুটিকে ওই দম্পতির কাছে হস্তান্তরের নির্দেশ দেন। হস্তান্তরের আগে শিশুটির নামে ৫ লাখ টাকার এফডিআর করতে হবে। তাই শিশুটিকে গতকাল আবার ভিকটিম সাপোর্ট সেন্টারে ফিরিয়ে নেওয়া হয়।

শিশুটিকে জিম্মায় দেওয়ার আদেশের পর সেলিনা আকতার শিশুটিকে কোলে নেন। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ফাতেমাকে পেয়ে তিনি অনেক খুশি। এই দম্পতি ১০ বছর ধরে নিঃসন্তান। সেলিনা আকতার আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করছেন।