বিমানবন্দরে বিরোধী নেতাদের কোনো তালিকা পাঠানো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের নেতাদের বিদেশে যেতে বাধা দিতে বিমানবন্দরে কোনো তালিকা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজয় দিবসের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে শনিবার বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, বিদেশে যেতে বাধা দেওয়ার জন্য বিমানবন্দরে বিএনপির ৭০ জনের তালিকা দিয়েছে সরকার। বিএনপির এ অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ রকম কোনো তালিকা বিমানবন্দরে দেওয়া হয়নি। যাঁরা যুদ্ধাপরাধ করেছেন, তাঁদেরই শুধু বিদেশে যেতে বাধা দেওয়া হবে, অন্য কাউকে নয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিরোধী দল কোনো কারণ ছাড়াই এ ধরনের অভিযোগ করে থাকে। এ ছাড়া সাহারা খাতুন জানান, গতকালের সভায় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন পর্যায়ে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো আলাদাভাবে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।জানা গেছে, প্রতিবার ২৬ মার্চ কুচকাওয়াজ অনুষ্ঠিত হলেও এবার ১৬ ডিসেম্বর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ কুচকাওয়াজের আয়োজন করবে। এ কুচকাওয়াজ অনুষ্ঠান যাতে সুশৃঙ্খলভাবে হয়, সে জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুচকাওয়াজ অনুষ্ঠান রাজধানীর চারটি স্থানে বড় পর্দায় প্রদর্শনেরও সিদ্ধান্ত হয়েছে।