চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ থেকে কৌশলে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লোপাট চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা দুই দিন অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিমানের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ (২৮), বিমানের ট্রাফিক হেলপার (লোডার) রফিকুল ইসলাম (৩১), ব্যবসায়ী চন্দন ধর (৩২) ও বন্ধন ধর (২৮)। বন্দরটিলা বাজারে অন্তরা জুয়েলার্স নামের তাঁদের একটি স্বর্ণের দোকান আছে।রফিক গতকাল মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মহিউদ্দিনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজল কান্তি বড়ুয়া বলেন, ‘বিমানবন্দরে ব্যাগ থেকে দামি পণ্য চুরির ঘটনা আমরা অনেক আগে থেকে জানতাম। তাই গোপনে অনুসন্ধান করে চক্রটির সন্ধান পাই। প্রথমে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।’ব্যবসায়ী চন্দন ও বন্ধন দাবি করেন, বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয়ে তাঁদের কাছে স্বর্ণালংকার বিক্রি করেছিলেন মহিউদ্দিন। পরে পতেঙ্গা এলাকা থেকে মহিউদ্দিন ও রফিককে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানান, ব্যাগ স্ক্যানিংয়ের সময় ভেতরে স্বর্ণ বা দামি জিনিস থাকলে তা কম্পিউটার স্ক্রিনে দেখা যায়। ওই চক্রের একজন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে এগুলো দেখতেন। পরে কোন রঙের ব্যাগে দামি জিনিস আছে, তা চলমান বেল্ট সরানোর দায়িত্বে নিয়োজিত চক্রের সদস্যকে মুঠোফোনে জানিয়ে দেওয়া হতো। ব্যাগটি উড়োজাহাজে তোলার আগে ওই সদস্য নির্দিষ্ট ব্যাগ থেকে দামি সামগ্রী সরিয়ে নিতেন।ব্যাগের চেইন-তালা অক্ষত রেখে কীভাবে স্বর্ণালংকার লোপাট করা হতো, এমন প্রশ্নের জবাবে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানান, ব্যাগ নাড়াচাড়ার সময় সুযোগ বুঝে চেইনের মধ্যে কলমের নিব ঢুকিয়ে দেওয়া হতো। এতে চেইনের একটি অংশ ফাঁক হয়ে যায়। সেই ফাঁক দিয়ে জিনিসপত্র নিয়ে চেইন টেনে দেওয়া হতো। ফলে পণ্যসামগ্রী লোপাটের বিষয়টি বোঝা যেত না। ব্যাগে স্বর্ণ থাকলে সাংকেতিক শব্দে বলা হয় ‘লালি’।পুলিশ সূত্র জানায়, আবুধাবিগামী তাছান্নুম আবছার নামের এক যাত্রীর ব্যাগ থেকে ১৩ ভরি স্বর্ণ ও ডায়মন্ড চুরির অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় একটি মামলা হয়। ওই মামলায় এই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। জানা গেছে, মামলা দায়েরের পর বিমানের পাঁচ কর্মচারীকে একবার আটক করেছিল পতেঙ্গা থানার পুলিশ। কিন্তু বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকির মুখে তাঁদের আট ঘণ্টার মধ্যেই থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়।