বিমানবন্দরে ভারতীয় জাল মুদ্রাসহ আটক ১
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সকালে ৫০ লাখ জাল ভারতীয় রুপিসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। ওই যাত্রীর নাম মোহাম্মদ ইদ্রিস (২৫)। তিনি পাকিস্তানের করাচি থেকে সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বের হওয়ার সময় ইদ্রিসের ব্যাগ তল্লাশি করে কম্বলের ভেতর প্যাঁচানো ৫০ লাখ রুপি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদ্রিস জানান, তিনি এসব ভারতীয় মুদ্রার মালিক নন, বহন করছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী।
মইনুল খান জানান, ইদ্রিস এসব জাল মুদ্রা ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।
দুই কেজি সোনা উদ্ধার: গতকাল রাতে দুই কেজি সোনাসহ জাকির হোসেন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, জাকির হোসেন দুবাই থেকে আসেন। রাত সোয়া নয়টার দিকে ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জাকিরের ব্যাগ তল্লাশি করে দুই কেজি ওজনের ১৭টি সোনার বার পাওয়া যায়।