বিমানবন্দরে ভিআইপিদের সঙ্গে নেতা-কর্মী ঢুকলে ব্যবস্থা
বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত এক আলোচনায় তিনি এ নির্দেশ দেন।
বৈঠক সূত্র জানায়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরে নিরাপত্তার বিষয়টি বৈঠকে তোলেন। এ সময় বিমানবন্দরের সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু অতি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) সঙ্গে বেআইনিভাবে অনেক লোকজন বিমানবন্দরে ঢুকে পড়ছে। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, ইতিমধ্যে কয়েকটি দেশ বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ফ্লাইট বাতিলের কথা বলছে।
এ সময় আরও কয়েকজন মন্ত্রী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বক্তব্য সমর্থন করে অনুপ্রবেশ বন্ধের কথা বলেন। আলোচনা শুনে প্রধানমন্ত্রী অবৈধভাবে বিমানবন্দরে কেউ প্রবেশের চেষ্টা করলে বা প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার নির্দেশ দেন।
বৈঠকে পদ্মা সেতু নির্মাণকাজের অগ্রগতি ও সেতু নির্মাণ নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিষয়ে আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১২ ডিসেম্বর পদ্মার মূল সেতুর পাইলিং ও নদীশাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানান। এ নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের চেষ্টা ব্যর্থ হয়েছে। সেতু নির্মাণের কাজটি প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন বলে মন্তব্য করেন।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন-২০১৫’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৫’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর ফলে অন্যান্য সিটি করপোরেশন এলাকার মতো গাজীপুর ও রংপুরও মহানগর পুলিশ পেতে যাচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, প্রতিটি মেট্রোপলিটন এলাকার আলাদা পুলিশ আছে। এবার গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্যও আলাদা পুলিশ গঠনের আইন হচ্ছে। ওই সব এলাকার নাগরিকদের অধিকতর পুলিশি সেবা দেওয়ার জন্যই নতুন আইন করা হচ্ছে।