বিমানবন্দরে মশার উপদ্রব কমছে না
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব কমছে না। বিমানবন্দর-সংলগ্ন জলাশয়, ঝোপঝাড়গুলো অপরিচ্ছন্ন থাকায় সব সময় মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছেন যাত্রী, দর্শনার্থী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা বলছেন, জলাশয়ের কচুরিপানা, নোংরা পানি ও ঝোপঝাড়ের কারণে মশা কমছে না। এগুলো পরিষ্কার রাখার কোনো উদ্যোগও নেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের।
তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এ নিয়ে কথা বলতে নারাজ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
বন্দরের মশা নিয়ে মজা করে বেসরকারি বিমান সংস্থার এক বৈমানিক গতকাল বললেন, ‘বাংলাদেশ থেকে অনেক কিছুই রপ্তানি হয়। এর মধ্যে মশাও একটা। প্লেন নিয়ে উড়াল দিই। এর সঙ্গে যায় অসংখ্য মশা। শাহজালাল বিমানবন্দরের মতো দুনিয়ার কোথাও এত মশা মেলে না।’
বিমানবন্দরে মশার উপদ্রব সম্পর্কে ৩ মার্চ প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। সে কথা উল্লেখ করে ওই বৈমানিক বলেন, ‘ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ককপিটে মশা ঢুকে গেলে নিজেরাই ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করেন। উড়োজাহাজ ওড়ার কিছুক্ষণ পর মশার হাত থেকে রক্ষা মেলে। ভেবেছিলাম রিপোর্টটি ছাপার পর বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নেবে, কিন্তু কিছুই হয়নি।’
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বিমানবন্দরের টার্মিনাল ভবনে মশা নিধন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কিন্তু তাতেও অবস্থার কোনো উন্নতি হয়নি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, শাহজালাল বিমানবন্দরের জলাশয় ও ঝোপ-ঝাড় মশার আবাসস্থল। এসব জায়গায় মশার বংশ বিস্তার হয়। এখনো জলাশয় কচুরিপানায় ভরা। এগুলো পরিষ্কার না করে শুধু ওষুধ ছিটিয়ে মশা নির্মূল করা যাবে না।
বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের পাশে রয়েছে একটি জলাশয়। সেখান থেকে ঝাঁকে ঝাঁকে মশা ঢুকে পড়ে টার্মিনাল ভবনে। এ কথা জানান দেশের অভ্যন্তরীণ রুটের চলাচলকারী একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তা। তিনি বলেন, টার্মিনাল ম্যানেজারকে বহুবার বলা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
বন্দর সূত্র জানায়, ১৯৮১ একর আয়তনের বর্তমানে দেশের সর্ববৃহৎ এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে প্রতিদিন ১০০ ফ্লাইট পরিচালিত হয়। এ জন্য প্রতিদিন ১৩ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। তাঁদের সঙ্গে তিন-চার হাজার দর্শনার্থীও আসে।
এদিকে অভ্যন্তরীণ টার্মিনালে গতকাল সোমবার দুপুরেও দেখা গেছে মশার উপদ্রব। সোহেল রানা নামে এক যাত্রী বলেন, বেলা একটার দিকে নভো এয়ারের ফ্লাইটে করে সিলেটে যাওয়ার কথা। কিন্তু দুপুর ১২টায় টার্মিনালে বসে মশার কামড় খেতে হচ্ছে।