বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী হয়রানি বন্ধ করতে এবং দেশের ক্ষতি করতে পারে, এমন অবাঞ্ছিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।গতকাল বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সদর দপ্তর কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এ সময় প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঢাকার বাইরে সর্বাধুনিক একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে, যা হবে বহির্বিশ্বের সঙ্গে এশিয়ার বিমান যোগাযোগের অন্যতম কেন্দ্র। খবর বাসসের।কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি ও মালপত্র চুরির অভিযোগের কারণে বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’ জাতির জন্য লজ্জাজনক এমন ঘটনা বন্ধ করতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। পাশাপাশি মাদকের মতো অবৈধ পণ্যের প্রবেশ বন্ধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা জানান, ২০১৩ সালের মধ্যে ঢাকার বাইরে নির্মিতব্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিমানবন্দরটি বিশ্বমানের হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি বাংলাদেশকে বিশ্বের কাছে ভিন্নরূপে উপস্থাপন করবে।’ বিমানবন্দরটি নির্মাণে ব্যয় হবে ৫০ হাজার কোটি টাকা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বরিশাল ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নে নানা কর্মসূচির বর্ণনা দেন। দুই লাখ ছয় হাজার ৮৩৭ বর্গফুট আয়তনের ১০ তলা সিএএবি সদর দপ্তর কমপ্লেক্স নির্মাণে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় হবে।