বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকার বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) রেড অ্যালার্ট বা কোনো ধরনের নিরাপত্তা-সতর্কতা জারি করেনি। কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে রেড অ্যালার্ট জারির যে খবর প্রচারিত হয়েছে, তা সঠিক নয়।সচিব শফিক আলম মেহেদী গতকাল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘সিভিল এভিয়েশনের নিরাপত্তা-সংকেত চার ধাপের। রেড অ্যালার্ট হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা-সংকেত। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পর এ ধরনের নিরাপত্তা-সংকেত জারি করা হয়। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। গণমাধ্যম রেড অ্যালার্ট জারি করেছে, তাই তা তুলে নেওয়ার জন্য তাদের অনুরোধ করছি।’ সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমডোর শাকিব ইকবাল খান মজলিস, সদস্য (পরিচালন) গ্রুপ ক্যাপ্টেন সাইদুর রহমান খান এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার শাহিদুর রহমান উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর খবর এড়াতে এবং বিমানবন্দর-সংক্রান্ত বিষয়ে যেকোনো তথ্য যাচাইয়ের জন্য এই তিন কর্মকতার সঙ্গে কথা বলার অনুরোধ করেন সচিব শফিক আলম মেহেদী। তাঁদের না পেলে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজে তথ্য দিতে প্রস্তুত আছেন।সচিব দাবি করেন, গত কয়েক দিন বিমানবন্দরে সবই তাঁরা রুটিন কাজ করেছেন। অথচ দেশের প্রধান বিমানবন্দরে এ রকম রেড অ্যালার্টের ভুল খবরটি দেশি গণমাধ্যম থেকে পরে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল চলমান সংবাদ শিরোনামে (স্ক্রল) রেড অ্যালার্টের খবরটি প্রচার করে। এরপর রেড অ্যালার্টের গুজব ছড়িয়ে পড়লে অন্যান্য গণমাধ্যমে এ খবর প্রচার করা হয়।