বিমানবন্দরে লাগেজের স্তূপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি এয়ারলাইনসের আলাদাভাবে পাঠানো বিপুলসংখ্যক লাগেজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিমানবন্দরের সব কটি কনভেয়ার বেল্টের আশপাশের এলাকা ভরে গেছে। এ কারণে প্রতিদিন বিভিন্ন ফ্লাইটে আসা যাত্রীদের চলাফেরা এবং বেল্ট থেকে মালামাল সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছে।

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গত ১০ আগস্ট থেকে প্রতিদিন সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে জেদ্দা থেকে আলাদাভাবে পাঠানো শত শত লাগেজ এসে শাহজালাল বিমানবন্দরে জমা হচ্ছে। এসব লাগেজের মালিক যেসব যাত্রী, তাঁরা আরও আগে ঢাকায় এসেছেন। স্থান সংকুলান না তাঁদের সঙ্গে লাগেজগুলো পাঠাতে পারেনি বিমান সংস্থাটি। কথা ছিল, বিমান সংস্থাটি লাগেজগুলো যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট যাত্রীদের বুঝিয়ে দেবে, কিন্তু সেভাবে কাজটি তারা করতে পারেনি। এই অবস্থায় ১০ দিন ধরে প্রতিদিন শত শত লাগেজ এসে পৌঁছাচ্ছে এবং সেগুলো কনভেয়ার বেল্টের পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। এখন আর কনভেয়ার এলাকায় ঠাঁই হচ্ছে না। ফলে বিভিন্ন ফ্লাইটে আসা যাত্রীরা তাঁদের লাগেজ সংগ্রহ ও ট্রলি নিয়ে চলাফেরা করতে বেশ বেগ পাচ্ছেন।

বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের কাউন্টারের কেউ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা প্রথম আলোকেবলেন, এ বিষয়ে বারবার সৌদি এয়ারলাইনসের লোকজনকে বলা হয়েছে, কিন্তু তাঁরা কোনো কর্ণপাত করছেন না। আবার, এসব লাগেজ বাইরে সরিয়ে নিতেও পারছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় ২২ সেপ্টেম্বর পর্যন্ত আরও আটটি ফ্লাইটে এমন লাগেজ আসার কথা রয়েছে।

১০ দিন ধরে জমতে থাকা লাগেজের স্তূপের কারণে বিদেশ থেকে আসা যাত্রীদের এই দুর্ভোগের কথা স্বীকার করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, সৌদি এয়ারলাইনস তাদের এসব লাগেজ যাত্রীদের রাখার জন্য তিন দিন সময় নিয়েছিল। কিন্তু ১০ দিন পার হলেও তা সরিয়ে নেয়নি, ফলে বিরাট স্তূপ জমেছে। এ জন্য সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হচ্ছে।