বিমানবন্দরে সাত কেজি সোনা উদ্ধার, আটক ৩
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুতল কার পার্কিংয়ের ছাদ থেকে গতকাল সোমবার সকালে প্রায় সাত কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ৬০টি বিস্কুটে থাকা এই সোনার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা।আটক তিনজনের মধ্যে একজন সিভিল এভিয়েশনের কর্মচারী কবির আহমেদ (৩৫)। অন্য দুজন হলেন: মোর্শেদ আলম (৩৫) ও হেলাল আহমেদ (৩৬)।এপিবিএন সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে গালফ এয়ারের একটি উড়োজাহাজ বাহরাইনের মানামা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এরপর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী কবির আহমেদকে অনুসরণ করেন এপিবিএনের সদস্যরা। কবির বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের ছাদে এক ব্যক্তির সঙ্গে দেখা করে চারটি প্যাকেট গ্রহণ করেন। পাশে আরেকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় এপিবিএনের সদস্যরা ওই তিনজনকে আটক করেন। গ্রেপ্তার হওয়া মোর্শেদ এর আগে কয়েকবার একই কায়দায় সোনার বারের চালান দেশে এনেছেন। নিরাপত্তাকর্মী কবির জানিয়েছেন, তাঁর সঙ্গে ৩০ হাজার টাকার চুক্তি হয়েছিল বারগুলো বাইরে বের করে দেওয়ার জন্য। এ ঘটনায় বিমানবন্দর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বছরের ১০ সেপ্টেম্বর বিমানবন্দরের দ্বিতীয় তলার একটি শৌচাগার থেকে মনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেন এপিবিএনের সদস্যরা। পরে তাঁর তথ্যের ভিত্তিতে ওই শৌচাগারের ফ্ল্যাশ ট্যাংক থেকে সাড়ে ১৩ কেজি ওজনের ১১৭টি সোনার বিস্কুট (বার) উদ্ধার করা হয়।