বিমানবন্দরে সোয়া তিন কেজি সোনাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬টি সোনার বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক যাত্রীর নাম মোরশেদুল আলম (২৮)।
আজ রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। সহকারী কমিশনার ওয়াজেদ আলীর নেতৃত্বে বিমানবন্দর শুল্ক বিভাগের একটি দল সোনাসহ মোরশেদুলকে আটক করে। শুল্ক কর্তৃপক্ষের দাবি, আটক ২৬টি বারের ওজন সোয়া তিন কেজি। এর বাজারমূল্য দেড় কোটি টাকা।
ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মোরশেদুল ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল পেরিয়ে আসার পর তাঁকে তল্লাশি করা হয়। মানিব্যাগের ভেতর অভিনব কায়দায় ২৬টি বার লুকিয়ে রেখেছিলেন তিনি। এসব সোনার ওজন তিন কেজি ৩০০ গ্রাম। চট্টগ্রামের ফটিকছড়ির যুবক মোরশেদুল দুবাইয়ে চাকরি করতেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।