বিমানবন্দরে স্বজনদের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাতটায় বিমানবন্দরে পৌঁছেই কান্নারত দুজন মানুষের দিকে চোখ পড়ল। একজন অভিনয়শিল্পী এজাজুল ইসলাম আর অন্যজন নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম। সময় বাড়তে থাকে। বাড়তে থাকে লোকজনও। বাড়তে থাকে বিভিন্ন গণমাধ্যম থেকে আসা সাংবাদিকদের ভিড়। গাজীপুর থেকে বিমানবন্দরে পায়ে হেঁটে এসেছেন বদিউল আলম নামের এক তরুণ। তাঁর বুকে-পিঠে ব্যানার লেখা ‘প্রিয় লেখক হুমায়ূন আহমেদের নামে সড়ক চাই’। সকাল সাড়ে সাতটার একটু পর সপরিবারে বিমানবন্দরে এসে পৌঁছান হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব। আটটার পর এসে পৌঁছান হুমায়ূন আহমেদের আরেক ভাই দেশবরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হক। তাঁদের সঙ্গে ছিলেন হুমায়ূন আহমেদের তিন সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ, নুহাশসহ আরও কয়েকজন। পুরো বিমানবন্দরের পরিবেশ ভারী ও বিষণ্ন হয়ে উঠতে থাকে। ভিভিআইপি টার্মিনাল কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা হয় আহসান হাবীবের। তিনি সাংবাদিকদের জানান, বনানী কবরস্থান বা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হুমায়ূন আহমেদকে সমাহিত করা হবে। সকাল আটটা ৫৪ মিনিটে বাংলার শ্যামল মাটি স্পর্শ করে জননন্দিত লেখক হুমায়ূন আহমেদকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি। রানওয়েতে তখন হুমায়ূন আহমেদের পরিবারের আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তি, অভিনয়শিল্পী, নাট্য পরিচালক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা জড়ো হয়েছেন। সকাল নয়টা পাঁচ মিনিটে উড়োজাহাজ থেকে হুমায়ূনের মরদেহ নামিয়ে নিয়ে আসেন কয়েকজন পুলিশ সদস্য। কফিনটি দেখামাত্র হুমায়ূনের সন্তান নোভা, শীলা, নুহাশ ও বোনসহ পরিবারের অন্যরা কান্নায় ভেঙে পড়েন। কফিনটি বিমানবন্দরে মালামাল পরিবহনের গাড়িতে তোলা হয়। সেখান থেকে লেখকের ছেলে নুহাশসহ অন্যরা কফিনটি ধরে ফুলসজ্জিত একটি লাশবাহী গাড়িতে (ফ্রিজারভ্যান) তোলেন। গাড়িটি সরাসরি আসে শহীদ মিনারে। নুহাশ এসেছিল হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি হিমুর সাজে হলুদ পাঞ্জাবি গায়ে। বাবার লাশ আসার আগে থেকেই অঝোরে কেঁদে যাচ্ছিলেন শীলা। আর উপন্যাসের চরিত্রের মতোই নির্বাক ‘হিমু’ নুহাশ।একই উড়োজাহাজ থেকে বিমানবন্দরে নামেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই শিশুছেলে নিষাদ ও নিনিত, শাশুড়ি সাংসদ তহুরা আলী, প্রকাশক মাজহারুল ইসলাম ও শাওনের বোন সেঁজুতি। হুমায়ূন আহমেদের দাফন প্রসঙ্গে বিমানবন্দরে কান্নাজড়িত কণ্ঠে শাওন বলেন, ‘উনার (হুমায়ূন আহমেদ) শেষ ইচ্ছা ছিল নুহাশপল্লী। উনাকে আর কষ্ট দিয়েন না। নুহাশপল্লীতেই ব্যবস্থা করেন।’