বিমানবন্দরে হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন । ফাইল ছবি
রাশেদ খান মেনন । ফাইল ছবি

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি নিয়ে যে হামলার ঘটনা ঘটেছে, এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। সভায় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান, পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, শাহজালাল বিমানবন্দরের পরিচালক, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিমানবন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বিমানবন্দরে ওই যুবক যখন হামলা চালান, তখন অনেক ফ্লাইটের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। প্রচুর যাত্রী ছিল। এ কারণে তাঁকে গুলি করা যায়নি। গুলি করলে অনেকে হতাহত হতো। এরপরও একটি গুলি করা হয়েছে। ট্রলি দিয়ে ব্যারিকেড দিয়ে ওই যুবককে আঘাত করা হয়েছিল। এতে তাঁর কোনো বিকার ছিল না। এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখবে। 


শাহজালাল বিমানবন্দরে তিন স্তরের নিরাপত্তা দেওয়া হয়। এ কারণে নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি আছে বলে মন্ত্রী মনে করেন না। তিনি বলেন, হামলাকারীর পরিচয়ের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, হামলাকারী যুবক বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পোশাক পরে এসেছিলেন। তবে ওই প্রতিষ্ঠানের ডেটাবেইসে তাঁর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে, প্রমাণ করা যাবে। এর বাইরে পুলিশ বাহিনী তাঁর পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে এবং তারা এতে সক্ষম হবে।

বিমানবন্দরে এ ধরনের ঘটনার চেষ্টা হতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে তাঁরা সক্ষম। আনসার, এপিবিএন, এনএসআই ও ডিজিএফআইর কাছ থেকে নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ এসেছে। এসবের পরিপ্রেক্ষিতে একটি সামগ্রিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

মন্ত্রী বলেন, হামলাকারী যুবক অসংলগ্ন কথা বলেছেন। এ কারণে এই ঘটনার উদ্দেশ্য এখনই বলা যাচ্ছে না। বাড়তি নিরাপত্তার সুপারিশ এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, ছয় মাস পরপর আনসার, এপিবিএন, এনএসআই ও ডিজিএফআই নিয়ে এখানে নিরাপত্তা মহড়া করা হবে।

এই হামলার বিষয়ে আগাম কোনো তথ্য ছিল কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এখানে হামলা হতে পারে—এমন কোনো তথ্য তাঁর জানা নেই। সিভিল অ্যাভিয়েশনের কাছেও এ ধরনের তথ্য ছিল না। এ ঘটনার পর বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রেড অ্যালার্ট বা অরেঞ্জ অ্যালার্টের কোনো প্রয়োজন নেই।

মন্ত্রী জানান, ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত আনসার সদস্য সোহাগ আলীর পরিবারকে সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এক লাখ টাকা ​দেওয়া হয়েছে। মন্ত্রী ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তা দিয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ দেখবে।

৬ নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবক ছুরি নিয়ে হামলা চালান। ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী। হামলাকারী ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।