বিমানবন্দরে ১০০ ভরি সোনাসহ একজন গ্রেপ্তার
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০ ভরি সোনাসহ গতকাল বৃহস্পতিবার বিকেলে আবুল কাশেম নামের এক সোনা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দর থানার সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে এপিবিএনের একটি দল বিমানবন্দরের আগমনী হলের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০০ ভরির ১০টি বার উদ্ধার করা হয়। এ ঘটনায় এপিবিএন তাঁর বিরুদ্ধে থানায় মামলা করে। থানার কর্তব্যরত উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, আবুল কাশেম জিজ্ঞাসাবাদে মানিকগঞ্জে তাঁর সোনার দোকান আছে বলে জানিয়েছেন। তাঁর ভাই সৌদি আরবে থাকেন। তিনিই গতকাল পরিচিত ব্যক্তির মাধ্যমে তাঁর জন্য ১০০ ভরি সোনা পাঠান। সৌদি এয়ারওয়েজের বিমান অবতরণের পর তিনি ওই ব্যক্তির কাছ থেকে সোনার বার গ্রহণ করেন। এরপর ধরা পড়েন। কিন্তু বহনকারী পালিয়ে যান। পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে সোনার বারগুলো নেওয়া হচ্ছিল।