বিমানবন্দরে ১২৫৫ কার্টন বিদেশি সিগারেট আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ২৫৫ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ সোমবার শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ছয়টি ব্র্যান্ডের এই সিগারেটগুলো আটক করে। তবে যাত্রীরা পালিয়ে গেছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, আটক সিগারেটের মূল্য ২৬ লাখ টাকা।

উপপরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, দোহার থেকে আসা কাতার এয়ারওয়েজের ভোর সাড়ে তিনটা এবং সাড়ে পাঁচটার ফ্লাইটে এক হাজার কার্টন সিগারেট আনা হয়। তবে গোয়েন্দা উপস্থিতি টের পেয়ে বিমানবন্দরের ৩ ও ৫ নম্বর বেল্টে রেখে জড়িত যাত্রীরা পালিয়ে গেছেন। 

মোস্তাফিজুর রহমান আরও জানান, একইভাবে আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে ২৫০ কার্টন বিদেশি সিগারেট ৬ নম্বর বেল্টে ফেলে রেখে জড়িত যাত্রীরা পালিয়ে গেছেন। এ ঘটনায় বিভাগীয় মামলা করা হয়েছে। 

এর আগে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ ওমানের মাস্কটগামী এয়ার অ্যারাবিয়ার যাত্রী সুমনকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এহতেশাম হক জানান, আজ সকাল সাড়ে নয়টার সময় এ ঘটনা ঘটে। ওমানের চাহিদা থাকায় সুমন কালো কাপড়ে মুড়িয়ে ট্রলিতে করে আটক সাড়ে পাঁচ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।