বিমানবন্দরে ১৪ ঘণ্টায় ৪২ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থান থেকে প্রায় ৪২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২১ কোটি টাকা। ঘটনায় জড়িত সন্দেহে চার যাত্রীকে আটক করা হয়েছে।

শৌচাগারে ৩২ কেজি সোনা
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক প্রথম আলোকে জানান, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি দুবাই থেকে ব্যাংকক হয়ে দুপুরে ঢাকায় পৌঁছে। গোপন সূত্রে খবর পেয়ে উড়োজাহাজটির শৌচাগারের কমোডের ভেতর থেকে ২৭০টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ৩২ কেজি, দাম ১৬ কোটি টাকা।। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহন আলী ও মোহাম্মদ শরীফ নামের দুই যাত্রীকে আটক করা হয়েছে।

কাপড়ে মোড়ানো কোটি টাকার সোনা
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক জানান, গতকাল রাত একটার দিকে আমিরুল ইসলাম নামের এক যাত্রী মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেরিয়ে যাওয়ার সময় তাঁর শপিং ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বার পাওয়া যায়। এর ওজন চার কেজি ৪০০ গ্রাম। দাম এক কোটি ৭৫ লাখ টাকা। তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

ব্যাগে ৫০টি সোনার বার
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে দুবাই থেকে ঢাকায় আসেন মোহাম্মদ ইকবাল নামের এক যাত্রী। সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রামের অধিবাসী ইকবালের ব্যাগ তল্লাশি করে ৫০টি সোনার বার পাওয়া যায়। এর ওজন পাঁচ কেজি ৮৩১ গ্রাম। দাম দুই কোটি ৯১ লাখ টাকা। তাঁকে আটক করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।